খেলনা-বিস্কুটের লোভ দেখিয়ে শিশুকে নিয়ে যাওয়ার চেষ্টা
নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৬ পিএম
আটক হাদিস মিয়া। ডান পাশে শিশু তামিম।
|
ফলো করুন |
|
|---|---|
নেত্রকোনায় খেলনা ও বিস্কুটের লোভ দেখিয়ে পাঁচ বছরের এক শিশুকে বাড়ির সামনের খালি জায়গা থেকে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে নেত্রকোনা সদর উপজেলার বনোয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আটক ব্যক্তির নাম হাদিস মিয়া (৪০)। তার বাড়ি ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় বলে পুলিশ জানিয়েছে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, পৌর শহরের বনোয়াপাড়া গ্রামের সাইদুল ইসলাম ও মমতা বেগমের পাঁচ বছরের ছেলে তামিম বাড়ির সামনের একটি খালি জায়গায় অন্য শিশুদের সঙ্গে খেলছিল। এ সময় হাদিস মিয়া সেখানে গিয়ে বিভিন্ন ধরনের খেলনা ও বিস্কুট দেখিয়ে তামিমকে তার সঙ্গে যাওয়ার জন্য প্রলুব্ধ করেন বলে অভিযোগ করা হয়।
তামিমের সঙ্গে খেলতে থাকা আরেক শিশু বিষয়টি দেখতে পেয়ে দৌড়ে গিয়ে তার দাদা ও মাকে জানায়। ওই শিশুর কাছ থেকে বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে হাদিস মিয়াকে তামিমের সঙ্গে দেখতে পান। তারা চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে আসেন। পরে স্থানীয় লোকজন হাদিস মিয়াকে আটক করে পুলিশে খবর দেন।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে হাদিস মিয়াকে হেফাজতে নেয়। স্থানীয় লোকজনের মারধরে আহত হওয়ায় তাকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসা শেষে তাকে থানায় নিয়ে যায় পুলিশ।
মমতা বেগম বলেন, আমার ছেলে আরেক শিশুর সঙ্গে খেলছিল। এ সময় ওই ব্যক্তি অনেকগুলো খেলনা ও বিস্কুট দেখিয়ে আমার ছেলেকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। অন্য একটি শিশু বিষয়টি দেখে আমাদের জানায়। বাড়ির সামনেও যদি শিশুরা নিরাপদে খেলতে না পারে, তাহলে আমরা সন্তানদের কোথায় রাখব? আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা চাই।
নেত্রকোনা মডেল থানার ওসি আবুল খায়ের বলেন, স্থানীয় লোকজন হাদিস মিয়াকে ধরে পুলিশের কাছে দিয়েছেন। প্রাথমিকভাবে তার সঙ্গে কথা বলে মনে হয়েছে, তার কিছুটা মানসিক সমস্যা রয়েছে। তবে শিশুটির পরিবারের পক্ষ থেকে এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে। এরপর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

-6abcd34e56ecf.jpg)