বিয়ের প্রস্তাব ফেরানোয় কলেজ ছাত্রীকে অপহরণ, ছাত্রদল নেতা বহিষ্কার
যুগান্তর প্রতিবেদন, গাজীপুর
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৫ পিএম
বহিষ্কৃত মো. রিজভী।
|
ফলো করুন |
|
|---|---|
গাজীপুরের শ্রীপুরে এক কলেজ ছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে পিয়ার আলী বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. রিজভীর বিরুদ্ধে।
এ ঘটনায় মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) মো. রিজভীকে বহিষ্কার করেছে জেলা ছাত্রদল। কলেজ ছাত্রীকে এখনো উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ।
বহিষ্কৃত মো. রিজভী (২৪) শ্রীপুরের মাওনা ইউনিয়নের সিংগারদিঘী গ্রামের মনির হোসেনের ছেলে। এ ঘটনায় রিজভী, তার বাবা মনির হোসেন ও মা নিলুফা আক্তারকে অভিযুক্ত করে ভুক্তভোগী কলেজ ছাত্রীর পরিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, পিয়ার আলী বিশ্ববিদ্যালয় কলেজের দ্বিতীয় বর্ষের ওই শিক্ষার্থীকে কলেজে যাওয়া-আসার পথে প্রায়ই উত্যক্ত করতেন রিজভী। বিষয়টি ছাত্রী তার পরিবারকে জানালে রিজভীকে শাসন করে ছাত্রীর পরিবার। তবুও উত্যক্ত করতেই থাকেন রিজভী। রিজভীকে থামাতে না পেরে বিষয়টি রিজভীর মা নিলুফা বেগম ও বাবা মনির হোসেনকে জানালে তারা রিজভীকে কোনো শাসন না করেই ছাত্রীর বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠালে প্রস্তাব ফিরিয়ে দেয় ছাত্রীর পরিবার।
বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় ক্ষুব্ধ হন রিজভী। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে কলেজ ছাত্রী তার বাসার সামনে দোকানে কেনাকাটা করতে যান। সেখানে আগে থেকেই কয়েকজন সহযোগী নিয়ে উপস্থিত ছিলেন রিজভী। দোকানের সামনে যাওয়া মাত্রই কলেজ ছাত্রীকে টানাহেঁচড়া করে গাড়িতে তুলে জোর করে অপহরণ করে নিয়ে যান রিজভী।
এ ঘটনার পরপরই দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে গাজীপুর জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক সরকার মো. রাকিব হোসেন স্বাক্ষরিত এক পত্রে পিয়ার আলী বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদ থেকে রিজভীকে বহিষ্কার করে গাজীপুর জেলা ছাত্রদল।
বক্তব্য জানতে ছাত্রদল নেতা রিজভীর মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও মোবাইল বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
গাজীপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাফর ইকবাল জনি বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগ ওঠায় রিজভীকে ছাত্রদল থেকে বহিষ্কার করা হয়েছে।
মাওনা পুলিশ ফাঁড়ির এসআই মো. শাহিনুর ইসলাম জানান, সোমবার অভিযোগ পাওয়ার পরপরই কলেজ ছাত্রীর স্বজনদের দেখানো অনুযায়ী প্রত্যেকটি বাড়িতে অভিযান চালানো হয়েছে। কলেজ ছাত্রীকে উদ্ধার করা সম্ভব হয়নি। কলেজ ছাত্রীকে উদ্ধার করতে পুলিশের অভিযান চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

-6abcd0dc2c7d7.jpg)