গাজীপুরে ভাঙচুর ও নাশকতার ১৫ মামলায় গ্রেফতার ৮০
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ১০:৩৩ পিএম
গাজীপুরে ভাঙচুর ও নাশকতার ১৫ মামলায় গ্রেফতার ৮০
|
ফলো করুন |
|
|---|---|
টানা কয়েক দিন ধরে চলা শ্রমিক আন্দোলনের জেরে গাজীপুরের বিভিন্ন শিল্প এলাকার অর্ধশতাধিক পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
এদিকে গত ৮ নভেম্বর থেকে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পর্যন্ত গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বিভিন্ন থানায় করা ১৫টি ভাঙচুর ও নাশকতার মামলায় মোট ৮০ জনকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে মহানগরের চান্দনা চৌরাস্তায় এক সংবাদ সম্মেলনে (প্রেস ব্রিফিং) জিএমপি কমিশনার মো. আশিক সাঈদ এ তথ্য জানান।
তিনি আরও জানান, বুধবার শ্রমিকদের সঙ্গে মিশে পুলিশের একটি জিপ গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় জড়িত দুজনকে পেট্রল ও একটি প্রাইভেট কারসহ আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের একজন কার্যক্রম নিষিদ্ধ বাসন থানা আওয়ামী লীগের শিক্ষা ও মানবাধিকারবিষয়ক সম্পাদক।
এদিকে গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন জানান, বৃহস্পতিবার সকাল পর্যন্ত গাজীপুরের বিভিন্ন শিল্প এলাকার অর্ধশতাধিক পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া আরও ১০টি কারখানায় বৃহস্পতিবারের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। কারখানা ভাঙচুর রোধ, শ্রমিক অসন্তোষ ও জানমাল রক্ষার স্বার্থে কারখানা কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত গাজীপুরের কোথাও শ্রমিক বিক্ষোভ না থাকলেও বেলা ১১টা থেকে শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা ও আনসার রোডসহ আশপাশের এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা। এর আগে সকালে শ্রমিকরা নিজ নিজ কর্মস্থলের সামনে জড়ো হয়ে কাজে যোগ না দিয়ে বিক্ষোভ মিছিল বের করেন। একপর্যায়ে তারা হাতে লাঠিসোটা নিয়ে মহাসড়ক অবরোধ করলে যানবাহন চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
খবর পেয়ে পুলিশ ও বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন; কিন্তু শ্রমিকরা অবরোধ চালিয়ে গেলে পুলিশ ও শ্রমিকদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পালটাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাঁদানে গ্যাসের শেল (টিয়ারশেল) ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মহাসড়কে বিক্ষোভ চললেও পরে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আসে।
গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন আরও জানান, টিয়ারশেল নিক্ষেপ করে সরিয়ে দিলে শ্রমিকরা পৃথক স্থানে পুনরায় অবরোধের চেষ্টা করেন। তবে পুলিশের তৎপরতায় তারা দীর্ঘ সময় বিক্ষোভ করতে পারেননি। দুপুর সাড়ে ১২টার দিকে পরিস্থিতি পুরোপুরি পুলিশের নিয়ন্ত্রণে চলে আসে।
