নাশকতা ও নৈরাজ্য প্রতিরোধে রাতভর মাঠে ছিলেন এমপি হিলালী
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০৭:৩৬ পিএম
ড. রফিকুল ইসলাম হিলালী
|
ফলো করুন |
|
|---|---|
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা ও নৈরাজ্য প্রতিরোধে নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক ড. রফিকুল ইসলাম হিলালী রাতভর মাঠপর্যায়ে দলীয় নেতাকর্মীদের কার্যক্রম তদারকি করেছেন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ১১টার পর নিজ বাসভবন থেকে বের হয়ে তিনি নির্বাচনি এলাকার মাসকা, সাহিতপুর বাজার, সান্দিকোনা, গড়াডোবা, শিমুলতলা বাজার, রেন্টিতলা বাজার, রামপুর বাজার ও বেখৈহাটি বাজারসহ বিভিন্ন ইউনিয়নের গুরুত্বপূর্ণ পয়েন্ট পরিদর্শন করেন।
এ সময় তিনি দায়িত্বে থাকা দলীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলেন এবং এলাকার সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।
দলীয় সূত্রে জানা গেছে, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা প্রতিরোধে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রাতভর সতর্ক অবস্থানে ছিলেন।
এমপি ড. রফিকুল ইসলাম হিলালী জানান, নেতাকর্মীদের মনোবল চাঙা রাখা এবং মাঠপর্যায়ে তাদের কার্যক্রম সরেজমিন তদারকি করতেই তিনি নিজেই বিভিন্ন এলাকায় ছুটে যান। পরিদর্শনকালে তিনি নেতাকর্মীদের শান্তিপূর্ণ ও সতর্ক অবস্থানে থাকার পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশনা দেন।
গভীর রাতে সংসদ সদস্যকে কাছে পেয়ে উচ্ছ্বসিত হন দায়িত্বে থাকা নেতাকর্মীরা।
এ সময় তার সঙ্গে ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহাবুব আলম খান জরিপ, জসিম উদ্দিন আহমেদ খোকনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
