শ্রেণিকক্ষে ঢুকে ছাত্রকে তিনবার আছাড়, আটক ১
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ০৯:০৪ পিএম
শ্রেণিকক্ষে ঢুকে ছাত্রকে তিনবার আছাড়
|
ফলো করুন |
|
|---|---|
মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে মারধর ও একাধিকবার আছাড় দেওয়ার অভিযোগে একজন অভিভাবককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের রাজদিয়া অভয় পাইলট স্কুল অ্যান্ড কলেজে এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তির নাম নাহিদ শেখ (৩৫)। তিনি উপজেলার পূর্ব রাজদিয়া গ্রামের মৃত আব্দুর জব্বার শেখের ছেলে।
পুলিশ ও বিদ্যালয় সূত্রে জানা যায়, প্রস্তুতিমূলক কুচকাওয়াজ শেষে শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে অবস্থান করছিল। আগের দিন দুই শিক্ষার্থীর মধ্যে ঝগড়ার ঘটনা ঘটে। এ নিয়ে নিজের ছেলে আতিকুর রহমানকে মারধরের সন্দেহে বৃহস্পতিবার বিদ্যালয়ের শ্রেণিকক্ষে প্রবেশ করেন তার বাবা নাহিদ শেখ। একপর্যায়ে তিনি শ্রেণিকক্ষের ভেতর ঢুকে একই শ্রেণির শিক্ষার্থী হাবিবকে ধরে তিনবার আছাড় দেন।
এ সময় শ্রেণিকক্ষে থাকা শিক্ষার্থীরা ভয়ে চিৎকার শুরু করলে শিক্ষকরা ছুটে আসেন। পরে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাহিদ শেখকে তার কক্ষে নিয়ে যান এবং ঘটনাটি পুলিশকে জানান।
খবর পেয়ে সিরাজদিখান থানা পুলিশ বিদ্যালয়ে গিয়ে অভিযুক্ত নাহিদ শেখকে আটক করে থানায় নিয়ে যায়। এদিকে সিসিটিভি ফুটেজে ধারণ হওয়া এ ঘটনার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
বিদ্যালয়ের পরিচালনা পরিষদের অভিভাবক সদস্য জাহাঙ্গীর আলম বলেন, আগের দিন দুই শিক্ষার্থীর মধ্যে ঝগড়া হয়েছিল। তা নিয়ে একজন শিক্ষার্থীর অভিভাবক শ্রেণিকক্ষে ঢুকে অন্য শিক্ষার্থীকে মারধর করেন। বিষয়টি প্রধান শিক্ষককে না জানিয়ে সরাসরি এভাবে শ্রেণিকক্ষে ঢুকে শিশু শিক্ষার্থীকে মারধর করা কোনোভাবেই ঠিক হয়নি।
সিরাজদিখান থানার ওসি মো. আলাউদ্দিন বলেন, অভিযুক্ত অভিভাবককে আটক করে থানায় নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুম্পা ঘোষ জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক এবং অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
