বিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ১০:৩২ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
দিনাজপুরের বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে কাটলা গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কাটলা ইউনিয়নের উত্তর কাটলা গ্রামের হুমায়ুন কবীরের মেয়ে মেহজাবিন আক্তার (২) ও তরিকুল ইসলামের মেয়ে তাহিয়া জান্নাত হুজাইফা (৩) এদিন সকাল সাড়ে ১০টার দিকে বাড়ির পাশে খেলা করছিল। একপর্যায়ে দৌড়াদৌড়ি করতে গিয়ে বাড়ির পাশে প্রতিবেশীর ডোবার পানিতে পড়ে যায়।
কিছুক্ষণ পরে প্রতিবেশীরা ওই দুই শিশুকে ডোবার পানি থেকে ডাঙায় তুললে ঘটনাস্থলেই মেহজাবিন আক্তারের মৃত্যু ঘটে এবং অপর শিশু তাহিয়া জান্নাত হুজাইফাকে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
নিহত পরিবার ও প্রত্যক্ষদর্শীদের বরাতে স্থানীয় জনপ্রতিনিধি (ইউপি সদস্য) সাজেদুল ইসলাম বলেন, শিশু মালিহা জান্নাত ও তাহিয়া জান্নাত বাড়ির সামনে আঙিনায় খেলছিল। এ সময় দুই শিশুর মা বাড়িতে গৃহস্থালি কাজে ও বাবা বাড়ির বাইরে কাজে ব্যস্ত ছিলেন। খেলার একপর্যায়ে শিশু দুটি বাড়ির সামনের একটি ডোবার দিকে চলে যায় এবং দুই শিশুর মৃত্যু হয়।
বিরামপুর থানার ওসি আব্দুর রাজ্জাক দুই শিশুর মৃত্যুর সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ গিয়ে সুরতহাল রিপোর্ট করে পরিবারের নিকট লাশ হস্তান্তর করেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিনা খাতুন জানান, দুই শিশুর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দুই পরিবারকে আর্থিক সহায়তা করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

