তিন দিনের জলযাত্রায় রৌমারীর ‘মায়ের দোয়া’ এখন মানিকগঞ্জে
Advertisement
যুগান্তর প্রতিবেদন, মানিকগঞ্জ
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ১০:৫০ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
কুড়িগ্রামের রৌমারী থেকে যাত্রা শুরু। ব্রহ্মপুত্রসহ বিভিন্ন নদীপথ পাড়ি দিয়ে টানা তিন দিনের জলযাত্রা শেষে অবশেষে মানিকগঞ্জের কালীগঙ্গা নদীর বেউথা ঘাটে এসে নোঙর ফেলেছে সুবিশাল নৌকা ‘মায়ের দোয়া’।
তবে ঘুরতে নয়, ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতায় অংশ নিতেই এত পথ পাড়ি দিয়ে এসেছে সেটি।
শনিবার বেউথার ঐতিহাসিক নৌকাবাইচে নামবে কুড়িগ্রামের এই খেল্লা নৌকা। প্রায় ছয় লাখ টাকা ব্যয়ে নির্মিত ‘মায়ের দোয়া’ প্রথমবারের মতো কোনো প্রতিযোগিতায় নেমে বাজিমাত করতে চায়।
নৌকাটির পরিচালক মজিবুর রহমান জানান, গত ৩০ সেপ্টেম্বর সকালে কুড়িগ্রামের রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাগুয়ারচর গ্রাম থেকে নৌকাটি মানিকগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়। ব্রহ্মপুত্র নদসহ দীর্ঘ নদীপথ পাড়ি দিয়ে তিন দিন পর এটি মানিকগঞ্জের কালীগঙ্গা নদীর বেউথা ঘাটে পৌঁছায়।
ভারতীয় শাল কাঠ দিয়ে নির্মিত ‘মায়ের দোয়া’ নৌকাটি গত এক বছর ধরে প্রায় ৬ লাখ টাকা খরচ করে তৈরি করা হয়েছে। এটিই নৌকাটির প্রথম নৌকাবাইচ প্রতিযোগিতা। প্রথম আসরেই জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী এর পরিচালক ও মাঝিরা।
এদিকে শনিবার বেউথার কালীগঙ্গায় বসছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী এই নৌকাবাইচের জমজমাট লড়াই।
নৌকাবাইচ পরিচালনা ও ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব মাসুদ পারভেজ জানান, শনিবার সকাল ১০টায় ঘোষণা মঞ্চ থেকে অংশগ্রহণকারী নৌকার প্রতিনিধিদের হাতে টোকেন দেওয়া হবে। এবারের প্রতিযোগিতায় চারটি ক্যাটাগরিতে মোট ২২টি নৌকা অংশ নেবে। এর মধ্যে খেল্লা-গয়ইটা ১০টি, ঘাসি-ছিপা ৫টি, ছান্দি ৪টি ও পানসি ৩টি। এছাড়া প্রতিযোগিতায় বাড়তি আকর্ষণ হিসেবে নামবে ৭০ থেকে ৮০ হাত দীর্ঘ দুটি কলাগাছের ভেলা।
তিনি আরও জানান, দুপুর ১২টায় শুরু হবে ঘাসি ও খেল্লা নৌকার বাছাই পর্ব। আর ছান্দি ও পানসি নৌকাগুলো সরাসরি মূল পর্বে অংশ নেবে। শুধু নৌকার দৌড়ই নয়, আয়োজনে থাকছে ‘যেমন খুশি তেমন সাজো’ প্রতিযোগিতাও। বিজয়ীদের জন্য এলইডি টিভি, প্রেসার কুকার ও রাইস কুকারসহ নানা আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে।
জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত কালীগঙ্গার বেউথা ঘাটের এই ঐতিহ্যবাহী নৌকাবাইচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মঈনুল ইসলাম খান শান্ত এবং মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এসএ জিন্নাহ কবীর।
