ছাত্রদল নেতার শরীর ঝলসে দিল আ.লীগ নেতার ছেলে
Advertisement
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ০৬:৫০ পিএম
হাসপাতালে চিকিৎসাধীন ছাত্রদল নেতা হাসানুজ্জামান। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক হাসানুজ্জামানের শরীরে ফুটন্ত গরম পানি ঢেলে ঝলসে দেওয়ার অভিযোগ উঠেছে। মসজিদে নামাজ পড়াকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) নেতার ছেলের সঙ্গে বাগবিতণ্ডার জেরে এ ঘটনা ঘটে। এতে দগ্ধ হয়েছেন আরও দুজন।
শনিবার (৩ অক্টোবর) দিবাগত রাত ১১টার দিকে চুয়াডাঙ্গার শঙ্করচন্দ্র ইউনিয়নের পুকুরপাড়া মোড়ে জামালের চায়ের দোকানে এ ঘটনা ঘটে।
দগ্ধ অন্য দুজন হলেন- একই এলাকার সিরাজুল ইসলাম (৪২) ও হাসান (৩২)। আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ছাত্রদল নেতা হাসানুজ্জামান শঙ্করচন্দ্র গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
হাসপাতালে চিকিৎসাধীন হাসানুজ্জামান অভিযোগ করে জানান, শনিবার রাতে পুকুরপাড়ার একটি চায়ের দোকানে বসে থাকার সময় আওয়ামী লীগ কর্মী সুলতান ও বিএনপির নেতারা মসজিদে নামাজ পড়া নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। এর প্রতিবাদ জানালে রাজনৈতিক আক্রোশ থেকে আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) কর্মী সুলতান দোকানের কেটলিতে থাকা ফুটন্ত গরম পানি তার শরীরে ঢেলে পালিয়ে যায়। এ সময় তাকে রক্ষা করতে এগিয়ে গেলে পাশে থাকা সিরাজুল ইসলাম ও হাসানের শরীরেও গরম পানি পড়ে। এতে তিনজনই দগ্ধ হন।
স্থানীয়দের দাবি, অভিযুক্ত সুলতান শঙ্করচন্দ্র ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আত্তাব হোসেনের ছেলে।
ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শনিবার গভীর রাতে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে যান জেলা যুবদলের সভাপতি শরীফ উর জামান সিজার। তিনি আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং ঘটনার নিন্দা জানিয়ে অভিযুক্ত সুলতানকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান।
হাসপাতাল সূত্রে জানা গেছে, দগ্ধ তিনজনের শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে। তাদের নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক (তদন্ত) হিমেল রানা জানান, অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

-6ac247b44c358.jpg)