থার্মাল ইমেজার ব্যবহারে ৩ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার
Advertisement
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ০৬:১৭ পিএম
থার্মাল ইমেজার ব্যবহারে ৩ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার
|
ফলো করুন |
|
|---|---|
কক্সবাজারের টেকনাফে থার্মাল ইমেজার ব্যবহার করে বিজিবি ও এসআরবির যৌথ অভিযানে ৩ লাখ ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
এ সময় মো. ইদ্রিস (৪০) নামের এক মাদক কারবারিকে আটক করা হয়। তিনি টেকনাফ সদর ইউনিয়নের ডেইলপাড়া এলাকার মৃত আবদুল হাকিমের ছেলে।
সোমবার (৫ অক্টোবর) দুপুরে টেকনাফ ব্যাটালিয়ন-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হানিফুর রহমান ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, টেকনাফ ব্যাটালিয়ন-২ বিজিবির দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে মিয়ানমার থেকে নাফ নদী পার হয়ে মাদকের একটি চালান বাংলাদেশে প্রবেশ করতে পারে— এমন গোপন তথ্যের ভিত্তিতে বিজিবি ও এসআরবির একটি যৌথ দল কৌশলগত অবস্থান নেয়। দলটি নাজিরপাড়া বিওপির দক্ষিণে জালিয়াপাড়া ৪ নম্বর ব্রিজের ১ নম্বর স্লুইসগেটের পশ্চিম পাশে খালসংলগ্ন নাফ নদী এলাকায় এই অবস্থান গ্রহণ করে।
পরে টেকনাফ বিওপির বিশেষ টহল দল থার্মাল ইমেজার ব্যবহার করে মিয়ানমার থেকে আসা কয়েকজন সন্দেহভাজন ব্যক্তির গতিবিধি শনাক্ত করে। রোববার রাতে ওই ব্যক্তিদের বস্তাসহ সাঁতরে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখা যায়। একপর্যায়ে আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে তারা রাতের অন্ধকারের সুযোগে পার্শ্ববর্তী কেওড়া বাগানে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় ধাওয়া দিয়ে ৩টি বড় প্যাকেটসহ একজনকে আটক করতে সক্ষম হয় যৌথ আভিযানিক দল। পরে প্যাকেটগুলো তল্লাশি করে বিশেষভাবে মোড়কজাত ৩ লাখ ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বিজিবির এই কর্মকর্তা আরও জানান, আটক আসামি ও উদ্ধার হওয়া মাদক নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের আইনি প্রক্রিয়া চলছে।
