চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই
Advertisement
দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ০৬:২০ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার পল্লিতে চালককে হত্যা করে তার ব্যাটারিচালিত অটোরিকশা ছিনিয়ে নিয়ে গেছে অজ্ঞাত দুষ্কৃতকারীরা।
সোমবার (৫ অক্টোবর) সকালে চিরিরবন্দর উপজেলার সাতনালা ইউনিয়নের মানিতবাড়ী গ্রামের একটি ধানখেত থেকে মোকছেদুল ইসলাম (৫২) নামে ওই অটোরিকশাচালকের লাশ উদ্ধার করা হয়।
নিহত মোকছেদুল ইসলাম চিরিরবন্দর উপজেলার ইছামতি গ্রামের মৃত আবদুল মান্নানের ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার (৪ অক্টোবর) বিকালে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন মোকছেদুল। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। রাতে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
সোমবার (৫ অক্টোবর) সকালে উপজেলার সাতনালা ইউনিয়নের মানিতবাড়ী গ্রামে শফিউদ্দিন নামের এক ব্যক্তির ধানখেতে লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় লাশটি উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুন নবী জানান, গলায় গামছা প্যাঁচানো দেখে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। অটোরিকশাটি ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যেই দুষ্কৃতকারীরা তাকে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তিনি আরও বলেন, এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।
