মা রান্নার কাজে ব্যস্ত, পুকুরে ডুবল ১৮ মাসের শিশু
Advertisement
ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ১০:২৩ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
কুমিল্লার বুড়িচং উপজেলায় বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে আরাফাত রহমান নামে ১৮ মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় মা রান্নার কাজে ব্যস্ত ছিলেন বলে জানা গেছে।
সোমবার (৫ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার মোকাম ইউনিয়নের মোকাম গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত আরাফাত রহমান ওই গ্রামের জাকির হোসেনের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য মো. জাকির হোসেন জানান, সকালে শিশু আরাফাত তার মা হাওয়া বেগমের সঙ্গে বাড়ির আঙিনায় খেলছিল। একপর্যায়ে তার মা রান্নার কাজে ব্যস্ত হয়ে পড়েন। কিছুক্ষণ পর ছেলেকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন।
কোথাও না পেয়ে বাড়ির পাশের পুকুরে তল্লাশি চালান স্বজন ও স্থানীয় বাসিন্দারা। একপর্যায়ে পানির নিচ থেকে শিশু আরাফাতকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।
তাৎক্ষণিকভাবে তাকে স্থানীয় মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে পাঠানো হয়। পরে কুমেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
