শীতের আগমনী বার্তা, বিকালেই কুয়াশার চাদরে ঢাকছে ফসলি মাঠ
Advertisement
সদর দক্ষিণ (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ১০:২৭ পিএম
শীতের আগমনী বার্তা, বিকালেই কুয়াশার চাদরে ঢাকছে ফসলি মাঠ
|
ফলো করুন |
|
|---|---|
প্রকৃতিতে শীতের আগমনী বার্তা জানান দিতে শুরু করেছে কুমিল্লার গ্রামীণ জনপদে। বিকাল গড়াতেই ফসলের মাঠে নামছে হালকা কুয়াশার আবরণ। সন্ধ্যা নামার আগেই মাঠঘাট ঢেকে যাচ্ছে কুয়াশার চাদরে।
সোমবার (৫ অক্টোবর) বিকালে কুমিল্লা মহানগরীর উত্তর রামপুর ও মোস্তফাপুরসহ আশপাশের ফসলি মাঠে এমন মনোরম দৃশ্য চোখে পড়ে।
দূর থেকে তাকালে মনে হয়, বিস্তীর্ণ সবুজ মাঠজুড়ে বিছিয়ে দেওয়া হয়েছে সাদা কুয়াশার চাদর। বিকালের নরম রোদ আর কুয়াশা মিলেমিশে মাঠে তৈরি হয় এক নান্দনিক আবহ।
স্থানীয় বাসিন্দা ইকবাল মজুমদার জানান, কয়েক দিন ধরেই বিকালের পর থেকে বাতাসে শীতের পরশ অনুভূত হচ্ছে। দিনের তাপমাত্রা স্বাভাবিক থাকলেও বিকাল পেরিয়ে সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকে। বিশেষ করে খোলা মাঠ ও নিচু জমিতে কুয়াশার দেখা মিলছে বেশি।
স্থানীয় কৃষকরা জানান, ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে ভোর ও সন্ধ্যায় কুয়াশা পড়তে শুরু করেছে। তবে আগাম এই কুয়াশা ফসলের কোনো ক্ষতি করবে কিনা, তা নিয়ে অনেকেই কিছুটা সচেতন দৃষ্টি রাখছেন। সব মিলিয়ে হেমন্তের শুরুতেই এমন কুয়াশাচ্ছন্ন আবহ জানান দিচ্ছে—শীত খুব বেশি দূরে নয়।
