বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু
Advertisement
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ১০:৪৪ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়নের চর দুগালী গ্রামে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা হালিমা খাতুন নামে ৯ মাসের এক কন্যাশিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত বাবার নাম মো. আলীম প্রামাণিক (আব্দুল আলীম)। তিনি ওই গ্রামের মোকসেদ প্রামাণিকের ছেলে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।
নিহত শিশুর মা ফজিলা খাতুনের অভিযোগ, পারিবারিক কলহের জেরে স্বামী আলীম প্রায়ই তাকে শারীরিক নির্যাতন করতেন। সোমবার সকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আলীম তাকে লাঠি দিয়ে মারতে যান। এ সময় মায়ের কোলে থাকা ৯ মাসের শিশু হালিমার শরীরে লাঠির আঘাত লাগে। এতে শিশুটি গুরুতর জখম হয়ে ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত শিশুর লাশ উদ্ধার করে।
এ বিষয়ে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত পিতা পলাতক। তাকে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।
