আজান দেওয়ার সময় প্রাণ গেল মুয়াজ্জিনের
Advertisement
কুমিল্লা ব্যুরো
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ১০:২৩ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
কুমিল্লার চৌদ্দগ্রামে আজানের মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়েন মো. শাহজাহান মিস্ত্রী নামের এক মুয়াজ্জিন। মঙ্গলবার ভোরে উপজেলার শ্রীপুর ইউনিয়নের বাগৈগ্রাম পশ্চিমপাড়া জামে মসজিদে ফজরের আজান দেওয়ার জন্য দাঁড়িয়ে মাথা ঘুরে পড়ে যান। পরে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। মো. শাহজাহান মিস্ত্রী (৬৮) একই গ্রামের মৃত সুজত আলীর ছেলে।
মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করেন ওই মসজিদের ইমাম মাওলানা নুরুল ইসলাম। স্থানীয়রা জানায়, প্রতিদিনের মতো মঙ্গলবার ভোরেও ফজরের আজান দিতে মসজিদে যান মুয়াজ্জিন শাহজাহান মিস্ত্রী। সেখানে তিনি হুজুরখানা থেকে ইমাম মাওলানা নুরুল ইসলামকে ঘুম থেকে ডেকে তোলেন।
এরপর মসজিদে প্রবেশ করে নির্ধারিত সময়ে আজান দেওয়ার জন্য দাঁড়িয়ে হঠাৎ মাথা ঘুরে পড়ে যান শাহজাহান। তার পড়ে যাওয়ার শব্দ শুনে দৌড়ে মসজিদে আসেন ইমাম। পরে তিনি মসজিদের মুসল্লি আবদুল ওয়াদুদ, মো. ইয়াছিন, ইসমাইল হোসেন ও মুয়াজ্জিনের ছেলে হাসান আর্মিকে খবর দেন।
তারা মসজিদে এসে শাহজাহান মিস্ত্রীকে মৃত অবস্থায় দেখতে পান। পরে মুসল্লি আবদুল ওয়াদুদ ফজরের আজান দেন। নামাজ শেষে হাসান আর্মিসহ মুসল্লিরা মুয়াজ্জিনের মরদেহ বাড়িতে নিয়ে যান। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন বাড়িতে ভিড় করেন। জানাজা শেষে মঙ্গলবার দুপুরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
বাগৈগ্রাম পশ্চিমপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা নুরুল ইসলাম বলেন, মুয়াজ্জিন শাহজাহান মিস্ত্রী প্রতিদিনের মতো মঙ্গলবার ভোরেও আজান দেওয়ার উদ্দেশ্যে মসজিদে আসেন। আজান দেওয়ার সময় তার মৃত্যু হয়।
শ্রীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান শাহ আলম বলেন, লোকমুখে জানতে পেরেছি, বাগৈগ্রাম পশ্চিমপাড়া জামে মসজিদের মুয়াজ্জিন শাহজাহান মিস্ত্রী ফজরের আজান দেওয়ার সময় মৃত্যুবরণ করেছেন। হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে।
