শারীরিক সম্পর্কের পর বিয়ে করতে অস্বীকৃতির অভিযোগ মেম্বারের বিরুদ্ধে
Advertisement
মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ১০:৪১ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
পিরোজপুরের মঠবাড়িয়ায় বিয়ের আশ্বাস দিয়ে এক তরুণীর (২৫) সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলার পর বিয়ে করতে অস্বীকৃতি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে এক ইউপি সদস্যের (মেম্বার) বিরুদ্ধে।
অভিযুক্ত মো. জসিম মাতুব্বর উপজেলার টিকিকাটা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য।
এ ঘটনায় ভুক্তভোগী তরুণী বাদী হয়ে মঠবাড়িয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
লিখিত অভিযোগে ওই তরুণী উল্লেখ করেন, তার সাবেক স্বামী প্রবাসে থাকার সুযোগে ইউপি সদস্য জসিম মাতুব্বরের সঙ্গে তার পরিচয় ও সখ্য গড়ে ওঠে। একপর্যায়ে জসিম তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আগের স্বামীকে তালাক দেওয়ার পরামর্শ দেন। তার আশ্বাসে বিশ্বাস করে প্রায় দুই বছর আগে তিনি স্বামীকে তালাক দেন।
অভিযোগে আরও বলা হয়, এরপর জসিম মাতুব্বর বিয়ের কথা বলে বিভিন্ন সময়ে তার সঙ্গে স্বামী-স্ত্রীর মতো শারীরিক সম্পর্ক বজায় রাখেন। এ সময় তাকে ঢাকা ও কুয়াকাটাসহ বিভিন্ন স্থানে নিয়ে যাওয়া হয়। তবে একাধিকবার বিয়ের জন্য তাগিদ দিলেও জসিম নানা কৌশলে সময়ক্ষেপণ করতে থাকেন।
ভুক্তভোগীর দাবি, সর্বশেষ গত ২০ সেপ্টেম্বর রাত আনুমানিক আড়াইটার দিকে তার বাবার বাড়িতে এসে জসিম আবারও তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। পরবর্তীতে বিয়ের জন্য চাপ দিলে জসিম তাকে অকথ্য ভাষায় গালিগালাজ, দুর্ব্যবহার ও বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখান। এছাড়া তাদের সম্পর্কের ডিজিটাল প্রমাণ নষ্ট করার উদ্দেশ্যে দুটি মোবাইল ফোন ভেঙে ফেলা হয় বলেও অভিযোগে উল্লেখ করেন তিনি।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে ইউপি সদস্য মো. জসিম মাতুব্বর ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে বলেন, তার বিরুদ্ধে রাজনৈতিকভাবে ষড়যন্ত্র করা হচ্ছে।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
