অভিযানে পুলিশের ওপর গুলি, অস্ত্রসহ গ্রেফতার ৪
Advertisement
চট্টগ্রাম ব্যুরো ও সীতাকুণ্ড প্রতিনিধি
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ০৬:০৫ পিএম
চট্টগ্রামের সীতাকুণ্ডে পুলিশের অভিযানে গ্রেফতাররা। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরের দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালাতে গেলে সশস্ত্র সন্ত্রাসীরা পুলিশের ওপর গুলিবর্ষণ করে। তবে কোনো পুলিশ সদস্য আহত হননি। পরে ওই এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি শটগান ও ১৬ রাউন্ড গুলিসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দিবাগত রাতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন- রাসেল, মোরশেদ, বাবু ও সাব্বির।
পুলিশের দাবি, গ্রেফতাররা সবাই স্থানীয়ভাবে পরিচিত ইয়াছিন বাহিনীর সক্রিয় সদস্য। তারা জঙ্গল সলিমপুরে পুলিশের ক্যাম্প গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় যে মামলা হয়েছে, সেই মামলার এজাহারভুক্ত আসামি।
পুলিশ জানায়, জঙ্গল সলিমপুরের পাহাড়ি এলাকায় সন্ত্রাসীদের অবস্থান ও অস্ত্র মজুতের খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। দুর্গম পাহাড়ি পথে দলটি এগিয়ে যাওয়ার সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পাহাড়ের ভেতর থেকে তাদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়। একপর্যায়ে সশস্ত্র ব্যক্তিরা সেখান থেকে পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে চারজনকে গ্রেফতার করে। পরে তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি শটগান ও ১৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. রাসেল জানান, গ্রেফতাররা সবাই স্থানীয়ভাবে পরিচিত ইয়াছিন বাহিনীর সক্রিয় সদস্য। মামলা দায়ের করে তাদের আদালতে পাঠানো হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।

