নবাবগঞ্জে থানার সামনে ককটেল বিস্ফোরণ
যুগান্তর প্রতিবেদন, নবাবগঞ্জ (ঢাকা)
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ০৮:৫৫ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
ঢাকার নবাবগঞ্জ থানার প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় বিস্ফোরণের বিকট শব্দে থানা-সংলগ্ন এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
শনিবার (২৮ নভেম্বর) রাত সোয়া ১১টার দিকে এ ঘটনা ঘটে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, মোটরসাইকেলে করে দুই ব্যক্তি থানার প্রধান ফটকের দিকে ককটেল নিক্ষেপ করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করছেন। এ সময় বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। ভিডিওতে মোটরসাইকেলের পেছনে থাকা ব্যক্তিকে চালককে দ্রুত মোটরসাইকেল চালানোর নির্দেশ দিতেও শোনা যায়। হঠাৎ বিস্ফোরণের শব্দে থানার আশপাশের বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন।
পরে রোববার (২৯ নভেম্বর) বিকালে নবাবগঞ্জ থানা পুলিশ বাদী হয়ে প্রায় শতাধিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীর নামে বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করেন।
নবাবগঞ্জ থানার ওসি মো. আবু হানিফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় নবাবগঞ্জ থানায় বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেফতারে পুলিশের বিশেষ অভিযান চলমান রয়েছে।

