রাজশাহীতে নগর ভবনে ককটেল ও ভূমি অফিসে পেট্রলবোমা হামলা
রাজশাহী ব্যুরো
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ০৮:১৪ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
রাজশাহী নগর ভবন লক্ষ্য করে ককটেল নিক্ষেপ এবং পবা উপজেলার সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে পেট্রলবোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৮ নভেম্বর) দিবাগত রাতে এসব হামলার ঘটনা ঘটে। তবে এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দিবাগত রাতে দুটি মোটরসাইকেলে কয়েকজন দুর্বৃত্ত নগর ভবনের সামনে আসে। এরপর দুজন মোটরসাইকেল থেকে নেমে নগর ভবন লক্ষ্য করে দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।
অন্যদিকে রাত ১টার দিকে পবা উপজেলার ভূগরইল মোড় এলাকায় সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে তিনটি পেট্রলবোমা নিক্ষেপ করা হয়। এর মধ্যে একটি বিস্ফোরিত হলেও বাকি দুটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে ছিল। বিস্ফোরণে সৃষ্ট আগুনে ভূমি অফিসের দেয়াল ক্ষতিগ্রস্ত হলেও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
রোববার (২৯ নভেম্বর) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন। পরে দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। সেখান থেকে তিনি খড়খড়ি এলাকায় পল্লী বিদ্যুতের উপকেন্দ্র পরিদর্শন করেন। উপকেন্দ্রটিতে আগের রাতে পেট্রলবোমা হামলা চালানো হয়েছিল।
পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইবনুল আবেদীন বলেন, ‘উপজেলা পরিষদ, ভূমি অফিস, বিমানবন্দর ও বিদ্যুৎকেন্দ্রসহ গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে নিরাপত্তা ও টহল বাড়ানো হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রাতভর টহল দিচ্ছেন।’
জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম জানান, এসব হামলার কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে।
