মাদক সেবনের অভিযোগে কৃষি কর্মকর্তাসহ গ্রেফতার ১০
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ০৮:২৪ পিএম
মাদক সেবনের অভিযোগে কৃষি কর্মকর্তাসহ গ্রেফতার ১০
|
ফলো করুন |
|
|---|---|
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী অভিযানে উপসহকারী কৃষি কর্মকর্তাসহ ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২৮ নভেম্বর) মধ্যরাতে উপজেলার সদর ইউনিয়নের দেওয়ানের খামার গ্রামে মাদককারবারি রুমা খাতুনের (৩৬) ভাড়া বাসায় এ অভিযান চালানো হয়।
এ সময় সেখান থেকে ২০ কেজি ভারতীয় গাঁজা, ১২ পিস ইয়াবা ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে রুমা খাতুনের স্বামী গোলাম রব্বানী পলাতক রয়েছেন। তাদের মূল বাড়ি জয়মনিরহাট ইউনিয়নের বড় খাটামারী গ্রামে।
রোববার (২৯ নভেম্বর) সকালে ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
গ্রেফতার ব্যক্তিরা হলেন—মাদককারবারি রুমা খাতুন, চর-ভূরুঙ্গামারী ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা লোহানী শাহ নেওয়াজ (৪২), রোকনুজ্জামান (২৬), কফিলুর রহমান (৩৪), সুজন মিয়া (২৬), বেলাল হোসেন (৩৭), জাহাঙ্গীর আলম (৩২), আরিফুল ইসলাম (৩৮), সাইফুর রহমান (৩৫) ও গোলাম রব্বানী (২৯)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন ও ওসি এম আর সাঈদের নেতৃত্বে এবং দেওয়ানের খামার মাদক নির্মূল কমিটির সহায়তায় থানা পুলিশের একটি দল রুমা খাতুনের ভাড়া বাসায় তল্লাশি চালায়। এ সময় তিনটি পলিথিন ও স্কচটেপ মোড়ানো প্যাকেটে থাকা ২০ কেজি ভারতীয় গাঁজা এবং ১২ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। পাশাপাশি ওই বাসার পাশের কক্ষ থেকে ইয়াবা সেবনের সময় সরকারি-বেসরকারি চাকরিজীবীসহ ৯ জনকে আটক করা হয়।
পুলিশ আরও জানায়, বাসাটি ভাড়া নিয়ে রুমা খাতুন ও তার স্বামী আন্তঃজেলা মাদক কারবার চালিয়ে আসছিলেন। ভারতীয় সীমান্ত থেকে গাঁজা ও ইয়াবা সংগ্রহ করে ওই বাসায় মজুত করা হতো এবং পরে সুযোগ বুঝে দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে দেওয়া হতো।
ভূরুঙ্গামারী থানার ওসি এমআর সাঈদ জানান, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, উপজেলায় প্রতিদিন মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করছে পুলিশ। মাদক, চোরাচালান ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে।
