মাদ্রাসায় শিশু শিক্ষার্থীদের শিকলে বেঁধে শারীরিক নির্যাতনের অভিযোগ
Advertisement
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ০৬:৩৬ পিএম
দুটি ছবিতে জানালার সঙ্গে শিকল দিয়ে দুই শিশুকে বেঁধে রাখার দৃশ্য দেখা গেছে।
|
ফলো করুন |
|
|---|---|
লক্ষ্মীপুরের রামগতিতে একটি মাদ্রাসায় শিশু শিক্ষার্থীদের শিকলে বেঁধে রাখা ও শারীরিক নির্যাতনের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। রামগতি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আলেকজান্ডার মাদ্রাসায়ে বাবুত তাকওয়া নামের একটি প্রতিষ্ঠানে এসব ঘটনা ঘটেছে।
ভিডিওগুলো ছড়িয়ে পড়ার পর মাদ্রাসার প্রধান শিক্ষক ও ইসলামী আন্দোলন বাংলাদেশ রামগতি পৌরসভার সভাপতি হাবিবুল্লাহ নীরবের বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তবে মাদ্রাসা কর্তৃপক্ষের দাবি, নির্যাতনের ঘটনায় জড়িত শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে।
একটি ভিডিওতে দেখা যায়, একটি কক্ষের দরজা বন্ধ করে শিশু শিক্ষার্থী আদনানকে এলোপাতাড়ি চড়-থাপ্পড় মারা হচ্ছে। একপর্যায়ে তার মাথায় আঘাত করা হয়। পরে স্কেল দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করতেও দেখা যায়। অন্য একটি ভিডিওতে এক শিশুকে দেয়ালের সঙ্গে ধরে তার মাথায় বারবার আঘাত করার দৃশ্য রয়েছে।
আরও একটি ভিডিওতে কয়েকজন শিক্ষার্থীকে মারধর করতে দেখা যায়। এ ছাড়া দুটি ছবিতে জানালার সঙ্গে শিকল দিয়ে দুই শিশুকে বেঁধে রাখার দৃশ্য দেখা গেছে। এসব ঘটনার সময় অন্য শিক্ষকেরা উপস্থিত থাকলেও তারা কোনো বাধা দেননি বলে অভিযোগ উঠেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, দীর্ঘদিন ধরে মাদ্রাসাটিতে কোনো কারণ ছাড়াই শিক্ষার্থীদের শিকল দিয়ে বেঁধে রাখার অভিযোগও করেছেন স্থানীয়রা।
অভিভাবকদের অভিযোগ, মাদ্রাসার শিক্ষকেরা শিশুদের সঙ্গে অমানবিক আচরণ করতেন। ভয়ে শিশুরা বাড়িতে গিয়ে এসব ঘটনা জানাত না।
এ বিষয়ে মাদ্রাসার সহকারী শিক্ষক আবদুল মতিন ঘটনার সত্যতা স্বীকার করে প্রধান শিক্ষকের পক্ষ থেকে ক্ষমা চান। তার দাবি, একজন শিক্ষক এ ঘটনা ঘটিয়েছেন।
প্রধান শিক্ষক হাবিবুল্লাহ নীরব বলেন, একজন শিক্ষক শিক্ষার্থীকে নির্যাতন করেছেন। আমরা তাকে বহিষ্কার করেছি। আমি এসব ঘটনার সঙ্গে জড়িত নই।
রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দীন বলেন, প্রধান শিক্ষক পলাতক আছেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অভিভাবকেরা আমার কাছে এসেছিলেন। তবে কোনো লিখিত অভিযোগ করেননি।

