গ্যাস লিকেজ থেকে দগ্ধ স্বামী-স্ত্রীসহ ৪, সবার অবস্থা আশঙ্কাজনক
Advertisement
হাজারীবাগ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ০১:৪৩ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
নারায়ণগঞ্জের কাঁচপুরে গ্যাস লিকেজ থেকে সৃষ্ট আগুনে একই পরিবারের স্বামী-স্ত্রীসহ চারজন দগ্ধ হয়েছেন। দগ্ধ ব্যক্তিরা হলেন রোজিনা (৩০), তার স্বামী শরিফ (৩৪), রোজিনার ভাই রিয়াজ (২২) ও রনি (১৯)। তাদের শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে।
দগ্ধদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সবাইকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
শনিবার (১০ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
গ্যাসের লাইনের লিকেজ থেকে সৃষ্ট আগুনে তারা দগ্ধ হন বলে প্রাথমিকভাবে জানা গেছে। পরে দগ্ধ চারজনকে উদ্ধার করে দ্রুত জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়।
রোববার (১১ অক্টোবর) ভোরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার চারজনের দগ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
চিকিৎসক জানান, দগ্ধ রোজিনার শরীরের ৬০ শতাংশ, তার স্বামী শরিফের ৪০ শতাংশ, রিয়াজের ৪০ শতাংশ এবং রনির শরীরের ৭০ শতাংশ পুড়ে গেছে। তাদের শরীরের বড় অংশ পুড়ে যাওয়ায় শারীরিক অবস্থা আশঙ্কাজনক।
দগ্ধ চারজনের শারীরিক অবস্থার অবনতি ও গুরুতর দগ্ধ হওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে তাদের সবাইকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়েছে। বর্তমানে সেখানেই তাদের চিকিৎসা চলছে।

