গোয়াইনঘাটে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা, আহত ১
Advertisement
গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ১০:৩২ পিএম
বদরুল আলম। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় দুর্বৃত্তদের হামলায় বদরুল আলম (৩২) নামে এক যুবদল নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় তার সঙ্গে থাকা সাদেক মিয়া গুরুতর আহত হয়েছেন।
রোববার (১১ অক্টোবর) ভোর ৪টার দিকে উপজেলার রুস্তমপুর ইউনিয়নের গোরাগ্রাম মসজিদসংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।
নিহত বদরুল আলম উপজেলার হাদারপার গ্রামের মৃত তজম্মুল আলীর ছেলে। তিনি রুস্তমপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি গোয়াইনঘাট উপজেলা যুবদলের পদপ্রত্যাশী ছিলেন। রাজনীতির পাশাপাশি ব্যবসাও করতেন তিনি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার ভোরে মনরতল বাজার থেকে মোটরসাইকেলে করে বাড়ির উদ্দেশে রওনা হন বদরুল আলম ও সাদেক মিয়া। গোরাগ্রাম এলাকায় পৌঁছালে কয়েকজন তাদের পথরোধ করেন। এ সময় টাকা, মোবাইল ও অন্যান্য মালামাল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হলে বদরুল বাধা দেন। একপর্যায়ে হামলাকারীরা দা, চাকু, ছুলফিসহ দেশীয় অস্ত্র দিয়ে তাদের ওপর হামলা চালান বলে অভিযোগ রয়েছে।
স্থানীয় বাসিন্দা সোনা মিয়া জানান, ফজরের নামাজের সময় সাদেক মিয়ার চিৎকার শুনে তিনি ঘটনাস্থলে এগিয়ে যান। সেখানে তুহিন ও শাহিন নামে দুজনকে ধারালো ছুলফি দিয়ে বদরুলকে এলোপাতাড়ি আঘাত করতে দেখেন বলে দাবি করেন তিনি। বাধা দেওয়ার চেষ্টা করেও হামলাকারীদের থামাতে পারেননি বলে জানান সোনা মিয়া।
পরে তিনি স্বজনদের খবর দিলে তারা ঘটনাস্থলে এসে বদরুল ও সাদেককে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক বদরুল আলমকে মৃত ঘোষণা করেন। আহত সাদেক চিকিৎসাধীন রয়েছেন।
নিহতের সঙ্গে থাকা সাদেক হোসেন জানান, মনরতল বাজার থেকে হাদারপারে ফেরার পথে কয়েকজন তাদের পথরোধ করে ছিনতাইয়ের চেষ্টা করেন। এতে বাধা দেওয়ায় তাদের ওপর হামলা চালানো হয়।
বদরুলের বড় ভাই আখলাকুল আম্বিয়া বলেন, ভোর পৌনে ৫টার দিকে বদরুলের সঙ্গে থাকা সাদেক তার ছোট ভাই মাহবুবকে মোবাইলে ফোন করে বাঁচানোর আকুতি জানান। এরপর থেকে ফোনটি বন্ধ পাওয়া যায়। পরে আমরা ঘটনাস্থলে গিয়ে দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি।
তিনি আরও অভিযোগ করেন, মনরতল বাজার থেকে ব্যবসার টাকা নিয়ে ফেরার পথে মোটরসাইকেলের গতিরোধ করে গোরাগ্রামের শাহিন, তুহিন ও মামুনসহ কয়েকজন আমার ভাইকে হত্যা করেছেন।
ঘটনার খবর পেয়ে গোয়াইনঘাট থানার ওসি মো. ওমর ফারুক পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় বদরুল ও সাদেকের ব্যবহৃত টিভিএস মোটরসাইকেলটি উদ্ধার করে জব্দ করা হয়।
ওসি মো. ওমর ফারুক বলেন, ফজরের নামাজের সময় বদরুল ও সাদেকের মোটরসাইকেলের গতিরোধ করে তাদের ওপর হামলা চালানো হয়। এতে বদরুল নিহত এবং সাদেক আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা কয়েকজনের নাম জানিয়েছেন। তবে হত্যাকাণ্ডের কারণ ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে। অভিযুক্তদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

-6acba3165f65a.jpg)