চাঁদপুরে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু
Advertisement
কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৫ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
চাঁদপুরের কচুয়ায় পুকুরের পানিতে ডুবে সাদিয়া আক্তার (১০) ও সামিরা আক্তার (৮) নামে চাচাতো-ফুফাতো দুই বোনের মৃত্যু হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) দুপুরে উপজেলার ৬ নম্বর কচুয়া উত্তর ইউনিয়নের উজানী গ্রামের সিকদার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাদিয়া আক্তার ওই গ্রামের রহিম হোসেনের মেয়ে। অপর শিশু সামিরা আক্তার বিল্লাল হোসেনের মেয়ে। সে চট্টগ্রাম থেকে পূজার ছুটিতে দাদার বাড়িতে বেড়াতে এসেছিল। সম্পর্কে তারা চাচাতো-ফুফাতো বোন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রোববার দুপুর ১টার দিকে শিশু দুটি বাড়ির উঠানে খেলাধুলা করছিল। একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে তারা বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর তাদের দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরের পানিতে শিশু দুটির লাশ ভাসতে দেখে স্বজনরা দ্রুত তাদের উদ্ধার করেন।
এরপর তাদের কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. জহিরুল ইসলাম পরীক্ষা-নিরীক্ষা শেষে দুজনকেই মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে কচুয়া থানার ওসি মো. আজিজুল ইসলাম বলেন, পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর সংবাদ পেয়েছি। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

