সেলফি বাসের চাকায় আবারও প্রাণ গেল পথচারীর
Advertisement
যুগান্তর প্রতিবেদন, মানিকগঞ্জ
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ১০:২৮ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
সড়কে মৃত্যুর মিছিল থামছেই না। একের পর এক দুর্ঘটনা, প্রাণহানি, বিক্ষোভ আর প্রশাসনের সাময়িক নিষেধাজ্ঞার পরও থামানো যাচ্ছে না সেলফি পরিবহণের বাসের চাপায় মৃত্যুর ঘটনা।
এবার মানিকগঞ্জের পাটুরিয়া লঞ্চঘাট এলাকায় সেলফি বাসের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল সুজাত (৩৪) নামের এক পথচারীর। এ নিয়ে সেলফি পরিবহণের বাসের চাপায় চলতি বছরের ফেব্রুয়ারি থেকে জেলায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১০ জনে।
মঙ্গলবার সকাল ১০টার দিকে পাটুরিয়া লঞ্চঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুজাত শিবালয় উপজেলার দাসকান্দি গ্রামের সদর উদ্দিনের ছেলে। পেশায় তিনি অটোরিকশাচালক।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় সুজাত সড়কের উপর দাঁড়িয়ে ছিলেন। এ সময় সেলফি পরিবহণের একটি বাস তাকে সজোরে ধাক্কা দিলে তিনি বাসের চাকার নিচে পড়ে পিষ্ট হন। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে দুর্ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয় লোকজন পাটুরিয়া ঘাটে সেলফি পরিবহণের কাউন্টার বন্ধ করে দেন। এর আগে একই পরিবহণের বাসের চাপায় গত ২২ অক্টোবর ঢাকা-আরিচা মহাসড়কের বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় দুজন নিহত হওয়ার ঘটনায় ঢাকা-আরিচা মহাসড়কে প্রায় দুই ঘণ্টা সব ধরনের যান চলাচল বন্ধ ছিল।
পরে ২৪ অক্টোবর জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে তার সম্মেলন কক্ষে সেলফি পরিবহণের অব্যাহত দুর্ঘটনার বিষয়ে বিশেষ সভা অনুষ্ঠিত হয়।
ওই সভায় পুলিশ সুপার সারওয়ার আলম জানান, সেলফি পরিবহণের বাসের চাপায় চলতি বছরের ফেব্রুয়ারি থেকে শুধু ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ অঞ্চলে এ পর্যন্ত ৯ জন নিহত এবং ২৬ জন আহত হয়েছেন। সর্বশেষ মঙ্গলবার পাটুরিয়া ঘাটে সুজাতের মৃত্যুর মধ্য দিয়ে নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়াল।
এদিকে বিআরটিএর মানিকগঞ্জ জেলার সহকারী পরিচালক মাহবুব কামাল যুগান্তরকে জানান, সেলফি পরিবহণের ঢাকা-আরিচা মহাসড়কে রুট পারমিট রয়েছে ৬৪টি পরিবহণের; কিন্তু তারা এই রুটে চালাচ্ছে কয়েকশ পরিবহণ; যা নিয়ে তারাও বিব্রত।
