জরিমানার ৫০ হাজার টাকা দিলেন বিএনপি নেতা, ২৩ বছর পর কারামুক্ত চা-শ্রমিক
সিলেট ব্যুরো
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ১০:২৫ পিএম
২৩ বছর পর কারামুক্ত চা-শ্রমিক
|
ফলো করুন |
|
|---|---|
একটি হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত চা-শ্রমিক নাইডু রাজু মুণ্ডা (৫০)। সাজা মওকুফ হওয়া সত্ত্বেও জরিমানার অর্থ পরিশোধের অভাবে আটকে ছিলেন কারাগারে। অবশেষে তার মুক্তির পথ খুলে দিল সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনের ব্যক্তিগত আর্থিক বদান্যতা।
রোববার (৮ নভেম্বর) দুপুরে দীর্ঘ ২৩ বছর কারাভোগের পর সিলেট কেন্দ্রীয় কারাগার-২ থেকে মুক্ত হন এই অসহায় চা-শ্রমিক।
জানা যায়, ২০০৩ সাল থেকে সাজা মাথায় নিয়ে সিলেট কেন্দ্রীয় কারাগারে বন্দি থাকা নাইডু রাজু মুণ্ডার কারাদণ্ড সম্প্রতি সাধারণ ক্ষমায় মওকুফ করা হয়। আদালতের আদেশ অনুযায়ী ৫০ হাজার টাকার জরিমানা অনাদায়ে তার মুক্তি আটকে ছিল। হতদরিদ্র চা-শ্রমিক পরিবারের সেই অর্থ পরিশোধের একেবারেই সামর্থ্য ছিল না।
সম্প্রতি সিলেট জেলা আইনশৃঙ্খলা সমন্বয় সভায় সমাজসেবা অধিদপ্তরের প্রবেশন কর্মকর্তা তৈমুর হোসেন চৌধুরী বিষয়টিকে অত্যন্ত মানবিক দৃষ্টিকোণ থেকে উত্থাপন করেন।
সভায় উপস্থিত সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন তাৎক্ষণিকভাবে জরিমানার সম্পূর্ণ ৫০ হাজার টাকা নিজে প্রদানের দায়িত্ব নেন। পরে সেই অর্থ আদালতে জমা দিয়ে আইনি প্রক্রিয়া সম্পন্ন করেন তিনি।
এরই পরিপ্রেক্ষিতে রোববার সিলেট কেন্দ্রীয় কারাগার-২-এর সিনিয়র জেল সুপার ও প্রবেশন কর্মকর্তা তৈমুর হোসেন চৌধুরীর উপস্থিতিতে রাজু মুণ্ডাকে আনুষ্ঠানিকভাবে মুক্তি দেওয়া হয়। অবসান ঘটে ২৩ বছরের দীর্ঘ অন্ধ প্রকোষ্ঠের চার দেয়ালের বন্দিত্ব। মুক্তির পর নাইডু রাজু মুণ্ডা তার জীবনের এই নতুন দিগন্ত উন্মোচনের জন্য বিএনপি নেতা নাসিম হোসাইনের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
