শেখ মুজিবকে ‘বঙ্গবন্ধু’ ও ‘জাতির পিতা’ বলায় জিয়া পরিষদ নেতা বহিষ্কার
জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৩৬ পিএম
মারুফ হাসান
|
ফলো করুন |
|
|---|---|
জয়পুরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শেখ মুজিবকে ‘বঙ্গবন্ধু’ ও ‘জাতির পিতা’ বলে সম্বোধন করেছেন এক নেতা। এর জেরে জয়পুরহাট পৌর শাখা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক (সদস্য সচিব) মারুফ হাসানকে বহিষ্কার করা হয়েছে। দলীয় সব পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়।
রোববার জেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক আমিনুল ইসলাম বকুল ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক দাপ্তরিক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। পরে সোমবার দুপুরে জেলা জিয়া পরিষদের সভাপতি সামাজিক যোগাযোগমাধ্যমে বিজ্ঞপ্তিটি প্রকাশ করলে বিষয়টি প্রকাশ্যে আসে।
জয়পুরহাট জেলা জিয়া পরিষদের ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ৭ নভেম্বর জেলা প্রশাসন আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় মারুফ হাসান তার বক্তব্যে সংগঠনবিরোধী ও আপত্তিকর শব্দ চয়ন করেন। তার এ বক্তব্য তাৎক্ষণিকভাবে অনুষ্ঠানে উপস্থিত সবাইকে ক্ষুব্ধ ও অসন্তুষ্ট করে তোলে। পরে বক্তব্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জনমনে তীব্র বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়, যা সংগঠনের নজরে আসে। মারুফ হাসানের এ কর্মকাণ্ডে জিয়া পরিষদের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হয়েছে উল্লেখ করে তাকে সব পদ থেকে অব্যাহতি দেওয়ার কথা জানানো হয়।
বহিষ্কৃত জিয়া পরিষদ নেতা মারুফ হাসান তার বহিষ্কারের চিঠি পাওয়ার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, তিনি বরাবরই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন; তবে অসুস্থতার কারণে মাঝখানে কিছুকাল নিষ্ক্রিয় ছিলেন।
তার ভাষ্যমতে, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ওই অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তার মুখ থেকে কিছু ভুল শব্দ বেরিয়ে গিয়েছিল। তিনি কখনই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন না বলেও দাবি করেন।
জানা যায়, গত ৭ নভেম্বর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন ওই আলোচনা সভার আয়োজন করে। সেখানে বক্তব্য দেওয়ার সময় মারুফ হাসান শেখ মুজিবকে ‘বঙ্গবন্ধু’ ও ‘জাতির পিতা’ বলে সম্বোধন করেন। এ সময় ওই মিলনায়তনে উপস্থিত জেলা ছাত্রদলের সভাপতি একেএম গোলাম মাহফুজ শুভসহ কয়েকজন মঞ্চের দিকে এগিয়ে গিয়ে তার বক্তব্যের তাৎক্ষণিক প্রতিবাদ জানান। ওই মুহূর্তেই সেখানে হট্টগোল শুরু হলে তাকে বক্তব্য অসমাপ্ত রেখেই আসন গ্রহণ করতে বলা হয় এবং পরে তাকে শিল্পকলা একাডেমির ওই অনুষ্ঠানস্থল থেকে সরিয়ে নেওয়া হয়।
এদিকে ওই আলোচনা সভার মূল ব্যানারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি না থাকা এবং মারুফ হাসানের মুখ থেকে ‘জাতির পিতা’ সম্বোধনের সময় জেলা প্রশাসক (ডিসি) মো. আল মামুন মিয়া নীরব ছিলেন— এমন গুরুতর অভিযোগ এনে ওই দিন সন্ধ্যায় তাকে প্রত্যাহারের দাবিতে জেলা ছাত্রদল ৭২ ঘণ্টার আলটিমেটাম দেয়।
