ইনানীতে গ্যাসের বিশাল মজুতের ইঙ্গিত
|
ফলো করুন |
|
|---|---|
কক্সবাজারের উখিয়ার ইনানীতে নলকূপ খননের সময় নির্গত গ্যাসের আগুনের নিচে বড় গ্যাসের আধার বা রিজার্ভার থাকার সম্ভাবনা দেখছেন বাপেক্সের বিশেষজ্ঞরা।
টানা ১৫ দিন পর্যবেক্ষণের পর তাদের ধারণা, এটি সাময়িক কোনো গ্যাসের পকেট নয়। একই গতি ও চাপে গ্যাসের প্রবাহ অব্যাহত থাকায় ভূগর্ভে বড় গ্যাসের আধার থাকার ইঙ্গিত পাওয়া গেছে। তবে কূপটি অনিয়ন্ত্রিতভাবে জ্বলতে দেওয়া ঝুঁকিপূর্ণ হওয়ায় প্রথমে সেটি নিরাপদে বন্ধ ও নিয়ন্ত্রণে আনার সিদ্ধান্ত নিয়েছে বিশেষজ্ঞ দল।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ইনানীর ছোটখাল এলাকায় ঘটনাস্থল পরিদর্শন করেন বাপেক্সের নয় সদস্যের প্রতিনিধিদল।
প্রতিনিধিদলের প্রধান ও বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক (জিএম) হাওলাদার রফিকুল ইসলাম এসব তথ্য জানান।
তিনি বলেন, ‘টানা ১৫ দিন পর্যবেক্ষণের মূল উদ্দেশ্য ছিল গ্যাসের প্রবাহের স্থায়িত্ব ও ধারণক্ষমতা যাচাই করা। পর্যবেক্ষণে দেখা গেছে, একই গতি ও চাপে গ্যাসের প্রবাহ অব্যাহত রয়েছে। তাই এটিকে সাময়িক কোনো গ্যাসের পকেট হিসেবে বিবেচনা করা যাচ্ছে না। এর নিচে বড় রিজার্ভার থাকার সম্ভাবনা রয়েছে।’
হাওলাদার রফিকুল ইসলাম আরও বলেন, ‘অনিয়ন্ত্রিতভাবে গ্যাস জ্বলতে দেওয়া এখন ঝুঁকিপূর্ণ। প্রথম অগ্রাধিকার হচ্ছে জরুরি ভিত্তিতে কূপটি নিরাপদে বন্ধ ও নিয়ন্ত্রণে আনা। কূপ নিয়ন্ত্রণে আসার পর ভূতাত্ত্বিক জরিপ ও বাণিজ্যিক সম্ভাবনা যাচাইয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’
উল্লেখ্য, গত ২৭ অক্টোবর উখিয়ার ইনানীর ছোটখাল এলাকায় একটি পরিত্যক্ত নলকূপের গর্ত থেকে গ্যাস নির্গত হতে শুরু করে। গ্যাসের সঙ্গে অনবরত পানি বের হওয়া এবং আগুন জ্বলার ঘটনা অব্যাহত রয়েছে। ঘটনার পর থেকে বিশেষজ্ঞ দল গ্যাসের প্রবাহ ও পরিস্থিতি পর্যবেক্ষণ করে আসছে।
