নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে না পেয়ে নাপিত আটক, পুলিশের দাবি যুবলীগ কর্মী
পাবনা ও চাটমোহর প্রতিনিধি
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ১০:৪৮ পিএম
নরেশ বিশ্বাস
|
ফলো করুন |
|
|---|---|
পাবনার ভাঙ্গুড়ায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ধরতে না পেরে প্রতিবেশী নরেশ বিশ্বাস (২৪) নামের এক নাপিতকে আটক করেছে পুলিশ। তবে পুলিশের দাবি, ‘নরেশ কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সক্রিয় কর্মী’।
মঙ্গলবার ভোরে উপজেলার সদর ইউনিয়নের কৈডাঙ্গা গ্রাম থেকে তাকে আটক করা হয়। পরে বিস্ফোরক আইনের একটি মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে একই দিন দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায় পুলিশ।
আটক নরেশ বিশ্বাস পেশায় নাপিত বলে জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয়রা জানান, নিষিদ্ধ সদর ইউনিয়ন শাখার সভাপতি সুকেশ বিশ্বাস সম্প্রতি বিভিন্ন কর্মসূচি পালন করে সেগুলোর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচার করেন। সম্প্রতি সেই নিষিদ্ধ ছাত্রলীগ নেতার সুস্থতা কামনায় প্রতিবেশী নরেশের বাড়িতে প্রার্থনা অনুষ্ঠানের আয়োজন করেন সুকেশসহ কয়েকজন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা। ওই অনুষ্ঠানের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রচার করা হয়।
এরপরই পুলিশ সুকেশকে ধরতে তার বাড়িতে অভিযান চালায়। তবে সে কৌশলে পালিয়ে গেলেও তাকে না পেয়ে প্রতিবেশী নরেশকে আটক করে থানায় নিয়ে যায় বলে অভিযোগ স্থানীয়দের।
নাম প্রকাশে অনিচ্ছুক গ্রামের একাধিক বাসিন্দা সাংবাদিকদের বলেন, নরেশ একজন নাপিত এবং তিনি রাজনীতির সঙ্গে যুক্ত নন। তাকে কখনো কোনো রাজনৈতিক মিছিল বা সভা-সমাবেশেও দেখা যায়নি বলে দাবি করেন তারা।
ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম নরেশকে আটকের তথ্য নিশ্চিত করে বলেন, নরেশ কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সক্রিয় কর্মী। এখন তো নেতারা মাঠে নেই, কর্মীরাই আছে। সে (নরেশ) অষ্টমনিষা ইউনিয়ন বিএনপির পার্টি অফিসে ককটেল হামলার পলাতক আসামি। এ কারণে তাকে আটক করে আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার দুপুরে পাবনা আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
গত বছরের মে মাসে অষ্টমনিষা ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় বিএনপিকর্মী ময়ছের আলী বাদী হয়ে থানায় মামলাটি করেন। মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ নেতাকর্মীসহ অজ্ঞাতপরিচয় ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়।
