কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে হামলা, আহত ডিএনসির ২ সিপাহী
সদর দক্ষিণ (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ১০:১০ এএম
গ্রেফতার সৌরভ চন্দ্র। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) দুই সদস্যকে পিটিয়ে আহত করার অভিযোগে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। এ সময় ৪০ পিস ইয়াবা ও ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে কুমিল্লা নগরীর ২২ নম্বর ওয়ার্ডের শ্রীবল্লভপুর ঘোষপাড়া মন্দিরের সামনের সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পদুয়ার বাজার বিশ্বরোড সংলগ্ন ঘোষপাড়া এলাকায় অভিযান চালায় মাদকদ্রব্য অধিদপ্তরের একটি দল। এ সময় অভিযুক্ত সৌরভ চন্দ্র গ্রেফতার এড়াতে অভিযানকারী দলের সদস্যদের ওপর হামলা চালান। এতে অধিদপ্তরের সিপাহি আদনান সামি ও বোরহানউদ্দিন আহত হন। পরে সৌরভকে গ্রেপ্তার করে তার কাছ থেকে ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। আহত দুই সিপাহিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক তুন্ত মনি চাকমা বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতার সৌরভ চন্দ্রের বিরুদ্ধে এর আগেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা রয়েছে। এ ঘটনায় কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় নিয়মিত মামলা করা হয়েছে।
তিনি আরও বলেন, ওই এলাকায় মাদক কারবারে জড়িত শাওনসহ অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে।

