মেরুদণ্ডে অস্ত্রোপচারের পর সুস্থ আছেন বাবর
মদন (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০৯:২৩ পিএম
লুৎফুজ্জামান বাবর। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
মালয়েশিয়ায় মেরুদণ্ডে জটিল অস্ত্রোপচারের পর সুস্থ আছেন নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী) আসনের সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।
বুধবার রাতে বাবরের সহধর্মিণী তাহমিনা জামান শ্রাবণী বিষয়টি এমপির রাজনৈতিক একান্ত সচিব মির্জা হায়দার আলীকে নিশ্চিত করেছেন।
বুধবার বিকাল ২টার দিকে তার মেরুদণ্ডে এ অস্ত্রোপচার হয়। এর আগে এমপি লুৎফুজ্জামান বাবর তার নিজের অফিশিয়াল ফেসবুক আইডিতে বিষয়টি নিশ্চিত করে দেশবাসী, নির্বাচনি এলাকা ও নেতাকর্মীদের কাছে দোয়া চেয়েছেন।
জানা যায়, দীর্ঘ কারাভোগের প্রতিকূলতায় লুৎফুজ্জামান বাবর মেরুদণ্ডের তীব্র ব্যথা, কিডনির সমস্যা ও শ্বাসকষ্টসহ একাধিক দীর্ঘমেয়াদি শারীরিক জটিলতায় আক্রান্ত হন। কারামুক্তির পর দেশের অভ্যন্তরে চিকিৎসা নিলেও চিকিৎসকদের পরামর্শে মেরুদণ্ডের উন্নত ও জরুরি চিকিৎসার জন্য সম্প্রতি তাকে মালয়েশিয়ার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষা শেষে বিশেষজ্ঞ চিকিৎসকরা তার মেরুদণ্ডের অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন।
এমপির রাজনৈতিক একান্ত সচিব মির্জা হায়দার আলী বলেন, অস্ত্রোপচারের পর এমপি স্যার সুস্থ আছেন। স্যারের সহধর্মিণী তাহমিনা জামান শ্রাবণী আমাকে মেসেজ দিয়ে বিষয়টি জানিয়েছেন। তিনি আবারও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
