মাউশি রংপুর অফিসে দুর্নীতি
সাদাকাতের পর এবার উপপরিচালক কামরুজ্জামানকে শাস্তিমূলক বদলি
মাহবুব রহমান, রংপুর ব্যুরো
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ১০:৫০ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) রংপুর অফিসে এমপিওভুক্তিতে দুর্নীতির অভিযোগে উপপরিচালক মো. সাদাকাত হোসেনকে ওএসডি করার পর এবার উপপরিচালক মো. কামরুজ্জামান পাইকারকে শাস্তিমূলক বদলি করা হলো।
যুগান্তরে গত ২২ আগস্ট ‘রংপুর মাধ্যমিক শিক্ষা অফিস/ঘুস-দুর্নীতির স্বর্গরাজ্য অনিয়মের মহোৎসব’ শীর্ষক খবর প্রকাশিত হওয়ার পর ২৯ সেপ্টেম্বর রংপুরে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর অফিসে অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন (দুদক)।
এরপর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, রংপুর অঞ্চলের সহকারী পরিচালক (কলেজ) মো. সাদাকাত হোসেনকে ‘বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা’ (ওএসডি) হিসেবে বদলি করা হয়।
সর্বশেষ একই অভিযোগে গত ৫ নভেম্বর জারি করা এক প্রজ্ঞাপনে উপপরিচালক মো. কামরুজ্জামান পাইকারকে শাস্তিমূলক বদলি করে সরকারি কারমাইকেল কলেজে পদায়ন করা হয়েছে। তার স্থলে রংপুর সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক মো. হারুন অর রশিদকে পদায়ন করা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব এএসএম শাহরিয়ার জাহানের ৫ নভেম্বর স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ৯ নভেম্বরের মধ্যে উপপরিচালক মো. কামরুজ্জামান পাইকারকে বর্তমান কর্মস্থল থেকে স্বেচ্ছায় অবমুক্ত হতে হবে। অন্যথায় ১০ নভেম্বর থেকে তিনি তাৎক্ষণিকভাবে অবমুক্ত বলে গণ্য হবেন।
রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব এএসএম শাহরিয়ার জাহান।
কামরুজ্জামান পাইকারের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর মধ্যে রয়েছে— প্রয়োজনীয় কাগজপত্র ও বৈধ নিয়োগসংক্রান্ত নথি না থাকা সত্ত্বেও নতুন এমপিওভুক্তির সুযোগ দেওয়া, শিক্ষকদের প্রশাসনিক কাজে হয়রানি এবং ক্ষমতার অপব্যবহার। উৎকোচ ছাড়া এমপিওভুক্ত না করে হয়রানি করা।
যুগান্তরে এ নিয়ে খবর প্রকাশিত হলে ওই দপ্তরে ২৯ সেপ্টেম্বর অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন (দুদক) রংপুর সমন্বিত কার্যালয়। এ সময় মাধ্যমিক ও উচ্চশিক্ষা রংপুর অঞ্চলের পরিচালকের কার্যালয়ের বিভিন্ন অনিয়মের তথ্য ও দুর্নীতির প্রমাণ পায় দুদক।
দুদক সমন্বিত জেলা কার্যালয় রংপুরের সহকারী পরিচালক একেএম নুরে আলম সিদ্দিকের নেতৃত্বে চার সদস্যের একটি দল এ অভিযান পরিচালনা করে। তারা যেসব ফাইল জব্দ করে, তাতে দেখা যায় অপকর্মের সঙ্গে মাধ্যমিক ও উচ্চশিক্ষা রংপুর অঞ্চলের সাবেক পরিচালক আমীর আলী শুধু জড়িত নন, বর্তমান সহকারী পরিচালক মো. সাদাকাত হোসেনসহ উপপরিচালক কামরুজ্জামান পাইকারও জড়িত রয়েছেন। তারা অর্থের বিনিময়ে নানা অসংগতি থাকার পরও বিভিন্ন কলেজকে এমপিওভুক্ত করেছেন এবং শিক্ষকদের বেতন বিলের নথিপত্র তৈরি করে দিয়েছেন।
যুগান্তরকে দুদকের রংপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক একেএম নুরে আলম সিদ্দিক এ কথা জানিয়েছেন।
দুদকের অভিযানের পর ওই দপ্তরে দুর্নীতিসংক্রান্ত ৪ বস্তা নথিপত্র দিনের বেলা সরিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। পরে সেগুলো পুলিশ উদ্ধার করে সংশ্লিষ্ট কার্যালয়ে রাখে। এ নিয়েও যুগান্তরে খবর প্রকাশিত হয়।
তবে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ এবং বদলির বিষয়ে কামরুজ্জামান পাইকার বলেন, এটা নিয়মিত বদলি। সরকারি চাকরি করলে বদলি হবেই।
