চন্দ্রগঞ্জে সিএনজিতে তুলে শিক্ষিকাকে মারধর, স্বর্ণালংকার-মোবাইল ছিনতাই
চন্দ্রগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ১২:২৫ এএম
সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে সিএনজিচালিত অটোরিকশায় তুলে এক শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার, মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। পরে তাকে সড়কের পাশে ফেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
বুধবার (১১ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে চন্দ্রগঞ্জের আফজাল রোড এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী লক্ষ্মী রানী নাথ আলহাজ্ব ইব্রাহিম মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা।
সহকর্মী শিক্ষক ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের কাজ শেষে বাড়ি ফেরার উদ্দেশ্যে লক্ষ্মী রানী আফজাল রোড থেকে একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন। তার গন্তব্য ছিল চন্দ্রগঞ্জ থানার সামান্য পশ্চিমে একটি নার্সারির সামনে।
কিন্তু চালক তাকে গন্তব্যে না নিয়ে কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের সড়ক ধরে সামনে এগিয়ে যান। একপর্যায়ে দুর্বৃত্তরা তাকে মারধর করে হাত, কান ও গলায় থাকা স্বর্ণালংকার, মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয়। পরে তাকে সড়কের পাশে ফেলে পালিয়ে যায় তারা।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে যান। চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব বলেন, ঘটনায় জড়িত সিএনজি চালক ও ছিনতাইকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
