Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ডেপুটি স্পিকারের অর্থায়ন

অস্থায়ী কাঠের সেতুতে ঘুচল লক্ষাধিক মানুষের দুর্ভোগ

Icon

কামাল হোসাইন, নেত্রকোনা

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০৫:০৩ পিএম

অস্থায়ী কাঠের সেতুতে ঘুচল লক্ষাধিক মানুষের দুর্ভোগ

অস্থায়ী কাঠের সেতুতে ঘুচল লক্ষাধিক মানুষের দুর্ভোগ

Advertisement

নেত্রকোনার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর শিবগঞ্জ খেয়াঘাটে স্বেচ্ছাশ্রমে দুই লেনের একটি অস্থায়ী কাঠের সেতু নির্মিত হয়েছে। এতে গাঁকান্দিয়া, কুল্লাগড়া, কাকৈইগড়া ও বিরিশিরি ইউনিয়নের আংশিক এলাকার লক্ষাধিক মানুষের উপজেলা সদরের সঙ্গে সরাসরি যোগাযোগের পথ সুগম হলো। পাশাপাশি দুর্গাপুরে আসা পর্যটকদের যাতায়াতও অনেকটা সহজ হয়েছে।

স্থানীয় সংসদ সদস্য ও সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের প্রায় ২১ লাখ টাকা অর্থায়নে এবং এলাকাবাসীর স্বেচ্ছাশ্রমে ৭৫০ ফুট দৈর্ঘ্য ও ৮ ফুট প্রস্থের এই সেতু নির্মাণ করা হয়। রোববার সেতুটি আনুষ্ঠানিকভাবে চালু হওয়ার কথা রয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, গত ২০ অক্টোবর থেকে স্বেচ্ছাশ্রমে সেতুটির নির্মাণকাজ শুরু হয়। প্রচুর বাঁশ ও কাঠ পুঁতে এর ওপর কাঠের পাটাতন বসানো হয়েছে।

অস্থায়ী এই সেতুর সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন তেরীবাজার বড় মসজিদের খতিব মুফতি মাওলানা আবদুর রব, কুল্লাগড়া রামকৃষ্ণ আশ্রমের সম্পাদক প্রভাত চন্দ্র সাহা এবং খ্রিষ্টান মিশনারিজের প্রতিনিধি পঙ্কজ সাংমা।

এ বিষয়ে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, মানুষের কষ্ট সাময়িকের জন্য হলেও লাঘবের চেষ্টা করা হয়েছে। ইচ্ছাশক্তি থাকলে সম্মিলিত প্রচেষ্টায় ভালো কিছু করা সম্ভব—এই সেতু নির্মাণ এরই বাস্তব উদাহরণ। এর সঙ্গে যারা জড়িত রয়েছেন, সবাই ধন্যবাদ পাওয়ার দাবি রাখেন। এই জায়গাটিতে একটি দৃষ্টিনন্দন স্থায়ী সেতু নির্মাণের চেষ্টা করছি আমরা।

স্থানীয় উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত ২৭৮ দশমিক ২৮ বর্গকিলোমিটার আয়তনের দুর্গাপুরে প্রায় ২ লাখ ৩৫ হাজার মানুষের বসবাস। পাহাড় থেকে নেমে আসা সোমেশ্বরী নদী উপজেলার চারটি ইউনিয়নকে মূল শহর থেকে বিচ্ছিন্ন করে রেখেছে। ওই ইউনিয়নগুলোর বাসিন্দাদের চৈতাটি, ভবানীপুর ও শিবগঞ্জ ফেরিঘাট দিয়ে নদী পারাপার হতে হয়। বিশেষ করে শিবগঞ্জ ঘাট দিয়ে দুর্গাপুর ছাড়াও ময়মনসিংহের ধোবাউড়া ও হালুয়াঘাটের বাসিন্দা এবং ভ্রমণপিপাসুসহ প্রতিদিন প্রায় ৮০ থেকে ৯০ হাজার মানুষ যাতায়াত করেন।

স্থায়ী সেতু না থাকায় বছরের প্রায় ছয় মাস নদীতে নৌকায় ঝুঁকি নিয়ে পারাপার হতে হয়। আর শুকনা মৌসুমে পানি কমে গেলে কখনো ধু ধু বালুর ওপর দিয়ে হেঁটে, কখনো হাঁটুপানি পাড়ি দিয়ে নৌকায় উঠতে হয়। কাঠের সেতুটি নির্মিত হওয়ায় সাদা মাটির পাহাড়, রানীখং টিলায় ক্যাথলিক মিশন, হাজংমাতা রাশিমণি স্মৃতিসৌধ ও সোমেশ্বরীর স্বচ্ছ জলধারা দেখতে আসা পর্যটকদের আর কোনো বেগ পেতে হবে না।

শুক্রবার দুপুরে সরেজমিনে দেখা যায়, ফেরিঘাটে নদীর এপার-ওপারে বড় বিলবোর্ড সাঁটানো রয়েছে। তাতে লেখা আছে, ‘এই অস্থায়ী কাঠের সেতু (দুর্গাপুর-শিবগঞ্জ) একটি অলাভজনক প্রকল্প। পথচারী, বাইসাইকেল, রিকশা, প্যাডেলচালিত ভ্যান, গরু-ছাগল, শ্রমিক ও সাধারণ মানুষের মালামাল পারাপারে কোনো টাকা লাগবে না। শুধু ব্যক্তিগত গাড়ি, মালবাহী গাড়ি, পিকআপ, সিএনজিচালিত অটোরিকশা, ইজিবাইক ও মোটরসাইকেল থেকে টোল আদায় করা হবে।’ অর্জিত অর্থ স্থানীয় ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে অনুদান এবং মানবকল্যাণে ব্যয় করা হবে বলেও বিলবোর্ডে উল্লেখ রয়েছে।

স্থানীয় স্মরণিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জামাল উদ্দিন বলেন, রোববার সেতুটি আনুষ্ঠানিকভাবে চালু হওয়ার কথা রয়েছে। প্রায় পাঁচ মাস সেতুটি ব্যবহার করা যাবে। তবে এই ঘাটে স্থায়ী সেতু দরকার।

স্বেচ্ছায় শ্রম দেওয়া গাঁকান্দিয়ার মো. শাহ আলম, দক্ষিণ ভবানীপুরের জাহাঙ্গীর মাহমুদ ও রুমান আহমেদ জানান, মানুষের দুর্ভোগ কমাতে তারা স্বেচ্ছাশ্রমে কাজ করেছেন।

সেতু দিয়ে পার হওয়া কয়েকজন যাত্রী বলেন, সেতু না থাকলে সরাসরি গাড়ি নিয়ে যাওয়া যেত না, অনেক দুর্ভোগ পোহাতে হতো।

ওই স্থানে স্থায়ী সেতু নির্মাণের অগ্রগতি সম্পর্কে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নেত্রকোনা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. ইলিয়াস ফারুক বলেন, সোমেশ্বরী নদীর ওপর স্থায়ী সেতু নির্মাণে ইতিমধ্যে বিদেশি প্রতিষ্ঠান স্মেক-সিসট্রা-এসিই জয়েন্ট ভেঞ্চার জরিপকাজ সম্পন্ন করেছে। আশা করছি, খুব দ্রুত সেতুটির নির্মাণকাজ শুরু হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিএনপির কার্যালয়ে আগুন, সাবেক এমপিসহ ২৪১ জনের বিরুদ্ধে মামলা

বিএনপির কার্যালয়ে আগুন, সাবেক এমপিসহ ২৪১ জনের বিরুদ্ধে মামলা

‘সাগর হুজুরকে’ মৃত্যুদণ্ড, ‘শিশুমাতার’ পরিবারের সন্তোষ প্রকাশ

‘সাগর হুজুরকে’ মৃত্যুদণ্ড, ‘শিশুমাতার’ পরিবারের সন্তোষ প্রকাশ

নেত্রকোনায় নিষিদ্ধ সংগঠনের ২৯ নেতাকর্মী গ্রেফতার

নেত্রকোনায় নিষিদ্ধ সংগঠনের ২৯ নেতাকর্মী গ্রেফতার

মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে পাননি ডেপুটি স্পিকার

নুসরাতের বাড়িতে আগুন মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে পাননি ডেপুটি স্পিকার

নেত্রকোনায় ট্রেনে আগুন দেওয়ার ঘটনায় মামলা

নেত্রকোনায় ট্রেনে আগুন দেওয়ার ঘটনায় মামলা

ধর্ষণের শিকার শিশুর সন্তানের আজীবন দায়িত্ব রাষ্ট্রের

ধর্ষণের শিকার শিশুর সন্তানের আজীবন দায়িত্ব রাষ্ট্রের

আরও পড়ুন

১০ গাড়ির সংঘর্ষে বিএনপি নেতা নিহত, অল্পের জন্য রক্ষা পেলেন এমপি

১০ গাড়ির সংঘর্ষে বিএনপি নেতা নিহত, অল্পের জন্য রক্ষা পেলেন এমপি

মাদককারবারিদের পক্ষে কেউ তদবির করলে জনসমক্ষে নাম প্রকাশ করা হবে: হাসনাত

মাদককারবারিদের পক্ষে কেউ তদবির করলে জনসমক্ষে নাম প্রকাশ করা হবে: হাসনাত

ডেপুটি স্পিকারের অর্থায়ন অস্থায়ী কাঠের সেতুতে ঘুচল লক্ষাধিক মানুষের দুর্ভোগ

অস্থায়ী কাঠের সেতুতে ঘুচল লক্ষাধিক মানুষের দুর্ভোগ

বিএনপির কার্যালয়ে আগুন, সাবেক এমপিসহ ২৪১ জনের বিরুদ্ধে মামলা

বিএনপির কার্যালয়ে আগুন, সাবেক এমপিসহ ২৪১ জনের বিরুদ্ধে মামলা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম