৩০ টাকা দরে চাল পেয়ে শ্রমিকদের স্বস্তি
যুগান্তর প্রতিবেদন, নারায়ণগঞ্জ
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০৬:৩৬ পিএম
৩০ টাকা দরে চাল পেয়ে শ্রমিকদের স্বস্তি
|
ফলো করুন |
|
|---|---|
নারায়ণগঞ্জে তৈরি পোশাক শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে বিশেষ খোলাবাজারে পণ্য বিক্রয় (ওএমএস) কর্মসূচির চাল বিক্রি শুরু হয়েছে। এদিকে ছুটির দিনে ৩০ টাকা দরে চাল পেয়ে স্বস্তিতে রয়েছেন শ্রমিকরা।
শুক্রবার সকাল ১০টা থেকে জেলার ১০টি স্থানে ১০টি খোলা ট্রাকের মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়। এ কর্মসূচির আওতায় প্রতি শুক্রবার ৫ হাজার শ্রমিক ৩০ টাকা দরে জনপ্রতি ১০ কেজি করে চাল কিনতে পারবেন।
সকালে ফতুল্লায় ওএমএস কার্যক্রম পরিদর্শনে যান নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির। তিনি লাইনে দাঁড়িয়ে থাকা শ্রমিকদের সঙ্গে কথা বলেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, নারায়ণগঞ্জের ফতুল্লার তল্লা, কায়েমপুর, বিসিক শিল্পনগরী, আদমজী ইপিজেড, সোনারগাঁ ও রূপগঞ্জসহ ১০টি স্থানে এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। প্রতিটি ট্রাকে পাঁচ টন করে জেলায় মোট ৫০ টন চাল বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। একেক শুক্রবার একেক স্থানে চাল বিক্রি হবে। শ্রমিকরা কারখানার পরিচয়পত্র (আইডি কার্ড) দেখিয়ে লাইন ধরে চাল সংগ্রহ করছেন।
জেলা প্রশাসক মো. রায়হান কবির জানান, একজন শ্রমিক মাসে একবার সর্বোচ্চ ১০ কেজি চাল পাবেন। এভাবে প্রতি সপ্তাহে নতুন শ্রমিকদের এই ওএমএস কর্মসূচির আওতায় আনার চেষ্টা করা হবে। পরীক্ষামূলকভাবে এটি চালু করা হয়েছে এবং আগামী তিন মাস এ কার্যক্রম চলমান থাকবে। প্রথম দিনেই শ্রমিকদের ভালো সাড়া পাওয়া গেছে।
জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. বাবুল হোসেন জানান, পোশাকশিল্পের শ্রমিকদের সাপ্তাহিক ছুটির দিন প্রতি শুক্রবার ১০টি খোলা ট্রাকের মাধ্যমে ৫০ টন চাল বিক্রি করা হচ্ছে।
সরেজমিন ফতুল্লার তল্লা ও কায়েমপুর এলাকায় সকাল থেকে শ্রমিকদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে চাল সংগ্রহ করতে দেখা গেছে।
পোশাক শ্রমিকরা জানান, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির কারণে কম দামে ওএমএসের চাল পেয়ে তাদের কিছুটা সাশ্রয় হচ্ছে। তবে চালের পাশাপাশি ডাল, তেল ও আটাসহ অন্যান্য নিত্যপণ্য দেওয়া হলে তারা আরও বেশি উপকৃত হতেন।
