এক ক্রেডিট কার্ড দিয়ে ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, দম্পতি গ্রেফতার
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০৭:০৬ পিএম
জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
|
ফলো করুন |
|
|---|---|
নওগাঁয় একটি বেসরকারি ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহার করে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে বিভিন্ন ব্যাংকের বুথ থেকে সাড়ে চার কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে এক দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৪ নভেম্বর) দুপুর ১২টায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
এর আগে শুক্রবার (১৩ নভেম্বর) রাতে বগুড়া জেলা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন নওগাঁর বদলগাছী থানার আক্কেলপুর মধ্যেপাড়া গ্রামের আবুল হাসানের ছেলে শহিদুল ইসলাম রিপন (৩৭) ও তার স্ত্রী মালিহা তাবাচ্ছুম নিশি (২৮)।
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, নওগাঁ ইসলামী ব্যাংক শাখার প্রিন্সিপাল অফিসার ফয়জুল ইসলাম সদর থানায় এজাহার করেন। এজাহারে বলা হয়, শহিদুল ইসলাম রিপন ওই শাখার একজন হিসাবধারী ও বিনিয়োগ গ্রাহক। সেই সুবাদে ২০১৫ সালে তার চলতি হিসাবের বিপরীতে এক লাখ টাকা সীমার খিদমাহ ক্রেডিট কার্ড ইস্যু করা হয়।
তিনি ওই কার্ড ব্যবহার করে পূবালী ব্যাংকের এটিএম/সিআরএম বুথ থেকে এনপিএসবি নেটওয়ার্কের মাধ্যমে পাঁচটি হিসাব নম্বরসহ বিভিন্ন ব্যাংকের হিসাবে অর্থ স্থানান্তর করেন। শুরুতে তিনি এক লাখ টাকার কম অঙ্কের অর্থ স্থানান্তর করতেন। পরবর্তী সময়ে তা বাড়িয়ে প্রতি লেনদেনে আড়াই লাখ টাকা স্থানান্তর করেন, যা অনুমোদিত সীমার বেশি।
২০১৫ সালের জুন থেকে চলতি বছরের ৯ নভেম্বর পর্যন্ত ৪২০টির বেশি লেনদেনের মাধ্যমে আসামিরা মোট ৪ কোটি ৫৪ লাখ ১৩ হাজার টাকা আত্মসাৎ করেন।
পুলিশ সুপার বলেন, এ ঘটনায় থানায় মামলা হলে পুলিশ তদন্ত শুরু করে। সাইবার ক্রাইম বিশেষজ্ঞসহ একটি দল গঠন করা হয় এবং আসামিদের গ্রেফতারে অভিযান চালানো হয়। নওগাঁ সদর থানার ওসি ও ডিবি ইনচার্জ বগুড়া সদরের বিভিন্ন স্থানে ৩৬ ঘণ্টা অভিযান চালিয়ে শহিদুল ইসলাম রিপন ও তার স্ত্রী মালিহা তাবাচ্ছুম নিশিকে গ্রেফতার করেন।
এ সময় তাদের বাড়ির আলমারি থেকে ১৫ লাখ টাকা, বিভিন্ন ব্যাংকের সাতটি এটিএম কার্ড, তিনটি চেক বই এবং দুটি স্মার্টফোন উদ্ধার করা হয়।
পুলিশ সুপার আরও বলেন, জিজ্ঞাসাবাদে আসামিরা প্রতারণার মাধ্যমে ব্যাংকের টাকা উত্তোলন করে দেড় কোটি টাকায় বগুড়ায় জমি কেনার তথ্য দিয়েছেন। এ ছাড়া তারা বিলাসী জীবনযাপন করতেন। এ ঘটনার সঙ্গে অন্য কোনো ব্যক্তি বা ব্যাংকের কেউ জড়িত আছেন কি না, তা তদন্ত করছে পুলিশ।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মনিরুল ইসলাম, নওগাঁ সদর থানার ওসি মিন্টু রহমানসহ পুলিশের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

-6af84d6ed4789.jpg)