উপজেলা প্রকৌশল দপ্তরের হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন
বরগুনা প্রতিনিধি
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০৮:০৫ পিএম
উপজেলা প্রকৌশল দপ্তরের হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন
|
ফলো করুন |
|
|---|---|
বরগুনার আমতলী উপজেলা প্রকৌশল দপ্তরের (এলজিইডি) হিসাব শাখায় কেরোসিন ঢেলে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৪ নভেম্বর) দিবাগত রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে।
তবে আগুন ছড়িয়ে না পড়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে দপ্তরটি।
এলজিইডি সূত্রে জানা গেছে, আমতলী উপজেলা পরিষদ কমপ্লেক্সের ভেতরে অবস্থিত দপ্তরটির হিসাব শাখার পেছনের জানালার ছিটকিনি ভেঙে ভেতরে থাকা চেয়ার-টেবিলের ওপর কেরোসিন ছিটিয়ে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ সময় চেয়ারে থাকা একটি তোয়ালের আংশিক পুড়ে আগুন নিভে যায় এবং টেবিলের ওপর মোটা কাচ থাকায় তা আর ছড়িয়ে পড়তে পারেনি। ঘটনার সময় কার্যালয়ের নৈশপ্রহরী ফজলুর রহমান পাশের প্রকৌশলীর কক্ষে ঘুমিয়ে ছিলেন।
রোববার (১৫ নভেম্বর) সকালে হিসাব শাখার কক্ষ খুলে আগুন দেওয়ার বিষয়টি দেখতে পান নৈশপ্রহরী ফজলুর রহমান। পরে তিনি হিসাব শাখার দায়িত্বে থাকা মো. সাইদুর রহমানসহ অন্যান্য কর্মকর্তাকে বিষয়টি জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং কেরোসিনের একটি খালি বোতলসহ আলামত সংগ্রহ করে।
আমতলী উপজেলা প্রকৌশলী মো. ইদ্রিস আলী বলেন, দুর্বৃত্তরা হিসাব শাখার পেছনের জানালা ভেঙে ভেতরে কেরোসিন ঢেলে আগুন দেয়। তবে আগুন নিভে যাওয়ায় বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়েছে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে। বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মো. হাফিজুর রহমান বলেন, আগুন দেওয়ার বিষয়টি শুনেছি। আগেই প্রতিটি দপ্তরের প্রধানকে ডেকে নিজ নিজ কার্যালয়ের নিরাপত্তা জোরদার করতে বলা হয়েছিল। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
