টঙ্গীতে ছড়িয়ে পড়েছে শ্রমিক আন্দোলন, ৩০টির বেশি কারখানায় ছুটি ঘোষণা
টঙ্গী পূর্ব (গাজীপুর) ও শিল্পাঞ্চল প্রতিনিধি
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ০৮:২৬ পিএম
টঙ্গীতে ছড়িয়ে পড়েছে শ্রমিক আন্দোলন
|
ফলো করুন |
|
|---|---|
বেশ কয়েক দিন ধরে গাজীপুরে চলমান ন্যূনতম মজুরি বৃদ্ধির শ্রমিক আন্দোলন এবার টঙ্গী শিল্পাঞ্চলেও ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর গাজীপুরা ও এরশাদনগর এলাকায় শ্রমিকরা সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধাওয়া-পালটাধাওয়ার ঘটনা ঘটে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস (টিয়ারশেল) নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। উদ্ভূত পরিস্থিতিতে টঙ্গীর গাজীপুরা ও সাতাইশ এলাকার অন্তত অর্ধশতাধিক পোশাক কারখানায় আজকের জন্য সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরের বিভিন্ন এলাকায় কয়েক দিন ধরে আন্দোলন চললেও এতদিন টঙ্গী শিল্পাঞ্চল শান্ত ছিল। তবে মঙ্গলবার সকালে আন্দোলনের জেরে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।
বেলা ১১টার দিকে একদল শ্রমিক গাছা এলাকা থেকে মিছিল নিয়ে টঙ্গীর গাজীপুরা ও এরশাদনগর এলাকায় প্রবেশ করেন। তারা মহাসড়কে অবস্থান নিয়ে চালু থাকা কারখানার শ্রমিকদেরও রাস্তায় নামানোর চেষ্টা করেন। এ সময় পুলিশ বাধা দিলে শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। আত্মরক্ষার্থে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড এবং বেশ কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
এদিকে অপ্রীতিকর ঘটনা ও ভাঙচুর এড়াতে দুপুর ১২টা থেকে ১টার মধ্যে কয়েক ধাপে টঙ্গীর গাজীপুরা ও সাতাইশ এলাকার অর্ধশতাধিক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়।
কারখানা ছুটির পরপরই কিছু শ্রমিক গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে জড়ো হয়ে পুনরায় অবরোধের চেষ্টা করেন। পুলিশ ধাওয়া দিয়ে ও টিয়ারশেল নিক্ষেপ করে তাদের সরিয়ে দেয়। বর্তমানে টঙ্গীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে তল্লাশি চৌকি বসিয়েছে পুলিশ।
টঙ্গী সাতাইশ রোডের একটি কারখানার সিনিয়র ব্যবস্থাপক (ম্যানেজার) মো. বোরহান উদ্দিন বলেন, শ্রমিক আন্দোলন ও যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে দুপুরের দিকে কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, দুপুরে কিছু শ্রমিক গাজীপুরা এলাকায় মহাসড়ক অবরোধের চেষ্টা করলে টিয়ারশেল নিক্ষেপ করে তাদের সরিয়ে দেওয়া হয়।
সার্বিক বিষয়ে গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন দুপুর দেড়টায় যুগান্তরকে বলেন, এ পর্যন্ত আমার নিয়ন্ত্রণাধীন ৩০টির বেশি কারখানায় ছুটি বা বন্ধ ঘোষণা করা হয়েছে। টঙ্গীর এরশাদনগর এলাকায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করা হয়েছে। বর্তমানে টঙ্গীর পরিস্থিতি শান্ত রয়েছে।
