|
ফলো করুন |
|
|---|---|
বান্দরবানের লামা-আলীকদম সড়কের শিবাতলী এলাকায় বাসের ধাক্কায় সাজু চক্রবর্তী (৩৫) নামের এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।
বুধবার (১৮ নভেম্বর) বিকালে আলীকদম উপজেলার শিবাতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাজু চক্রবর্তী আলীকদম থানায় কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকালে কক্সবাজার থেকে মোটরসাইকেল চালিয়ে আলীকদম থানায় কর্মস্থলে ফিরছিলেন সাজু চক্রবর্তী। লামা-আলীকদম সড়কের শিবাতলী এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি বাস তার মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর পুলিশ ঘাতক বাসটি আটক করেছে।
নিহত সাজু চক্রবর্তী কক্সবাজার জেলার বাসিন্দা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবানের পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার জানান, বাসের ধাক্কায় আলীকদমে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। তার লাশ উদ্ধার করা হয়েছে। তদন্তসাপেক্ষে এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
