টাঙ্গাইলে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন
মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৩:২০ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
টাঙ্গাইলের মির্জাপুরে জুলাই আন্দোলনে শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
বুধবার (১৮ নভেম্বর) রাতে গোড়াই হাইওয়ে থানার আনুমানিক দুইশ গজ দূরে নির্মিত এই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়া হয়। এ ছাড়া ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোড়াই এলাকায় ফ্লাইওভারের নিচে ককটেল নিক্ষেপ করা হয়। উপজেলার গোড়াই শিল্পাঞ্চল এলাকায় পৃথক ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
পুলিশ জানায়, রাত সাড়ে ১১টার দিকে দুর্বৃত্তরা প্রথমে গোড়াই হাইওয়ে থানার আনুমানিক দুইশ গজ দূরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন ধরিয়ে দেয়। এর কিছুক্ষণ পর গোড়াই ফ্লাইওভারের ওপর থেকে নিচে ককটেল নিক্ষেপ করা হয়। পৃথক ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যান। পরে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আনোয়ার পারভেজ শাহ আলম ও গোড়াই ইউনিয়ন শ্রমিক দল নেতা হাবিব, মামুন, আরিফের নেতৃত্বে গোড়াই এলাকায় এবং সদরে বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশ, মোটরসাইকেল শোডাউন ও অবস্থান কর্মসূচি পালন করেন।
এ বিষয়ে গোড়াই হাইওয়ে থানার ওসি মো. শরীফ জানান, স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার খবর পেয়ে হাইওয়ে ও থানা পুলিশ ঘটনাস্থলে যান। কে বা কারা স্মৃতিস্তম্ভে আগুন ধরিয়ে দিয়েছেন এবং ককটেল নিক্ষেপ করেছেন, তাদের চিহ্নিত করতে জেলা পুলিশ কাজ করছে।
