Logo
Logo
×

Advertisement

সারাদেশ

‘ক্যাম্পের জীবন আর নয়, ফিরতে চাই নিজ দেশে’, খলিলুর রহমানকে রোহিঙ্গারা

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ১২:৩৫ পিএম

‘ক্যাম্পের জীবন আর নয়, ফিরতে চাই নিজ দেশে’, খলিলুর রহমানকে রোহিঙ্গারা

ছবি: সংগৃহীত

Advertisement

ক্যাম্পের জীবন আর নয়, আমরা ফিরতে চাই নিজ দেশে- মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ের পরদিন জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের কাছে এ আকুতি জানিয়েছেন রোহিঙ্গারা। 

দীর্ঘদিনের বাস্তুচ্যুতি ও অনিশ্চিত জীবনের অবসান চান তারা। তবে নিজ দেশে ফিরতে হলে নাগরিকত্ব, নিরাপত্তা, চলাচলের স্বাধীনতা ও মৌলিক অধিকারের নিশ্চয়তা দিতে হবে বলে দাবি তাদের।

শুক্রবার (২০ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে কক্সবাজারের উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরে পৌঁছান খলিলুর রহমান। এ সময় রোহিঙ্গারা তাকে স্বাগত জানান। সফরকালে তিনি রোহিঙ্গাদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাদের দুর্ভোগ, নিরাপত্তাহীনতা ও প্রত্যাবাসনের আকাঙ্ক্ষার কথা শোনেন।

ক্যাম্প পরিদর্শনকালে খলিলুর রহমান বলেন, সকালে আমি একটি বিশেষ সময়ে, বিশেষ দিনে এবং ঐতিহাসিক মুহূর্তে ক্যাম্পে এসেছি। বৃহস্পতিবার আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যা সংঘটনের বিষয়ে রায় দিয়েছেন। আদালতের ইতিহাসে এটি একটি ঐতিহাসিক ঘটনা।

তার এ বক্তব্যের সময় রোহিঙ্গাদের কাছে আইসিজের রায়ের গুরুত্বও নতুন করে সামনে আসে। তাদের কাছে এ রায় শুধু গণহত্যার বিচার বা আন্তর্জাতিক স্বীকৃতির বিষয় নয়, বরং নিজ দেশে ফেরার দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের আশার সঙ্গেও জড়িয়ে রয়েছে।

মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে গাম্বিয়ার করা মামলায় বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রায় ঘোষণা করে আন্তর্জাতিক বিচার আদালত। ২০১৯ সালে গণহত্যা সনদের আওতায় গাম্বিয়া মামলাটি দায়ের করে। রায়ের পরদিন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শনকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সফরের তথ্য জানানো হয়। বাংলাদেশ সফরের অংশ হিসেবে শুক্রবার তিনি কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন করেন। এর আগে খলিলুর রহমান রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে দায়িত্ব পালন করেছেন।

রোহিঙ্গাদের প্রত্যাশা, আইসিজের রায়ের ফলে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়বে এবং নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের পথ তৈরি হবে। তাদের মতে, নাগরিকত্ব ও মৌলিক অধিকার নিশ্চিত না করে প্রত্যাবাসন শুরু হলে তা স্থায়ী সমাধান হবে না। তারা এমন পরিবেশে ফিরতে চান, যেখানে নিজেদের পরিচয় ও অধিকার নিয়ে মর্যাদার সঙ্গে বসবাস করতে পারবেন।

ইউনাইটেড কাউন্সিল অব রোহিঙ্গার (ইউসিআর) সভাপতি কিন মং জানান, বাংলাদেশ সরকার ও এ দেশের মানুষ তাদের আশ্রয় দিয়ে জীবন বাঁচিয়েছেন। এ জন্য তারা কৃতজ্ঞ। কিন্তু তারা চিরদিন ক্যাম্পে থাকতে চান না। তাদের চূড়ান্ত লক্ষ্য মিয়ানমারে নিজেদের ঘরে ফিরে যাওয়া। এ জন্য নাগরিকত্ব, নিরাপত্তা, চলাচলের স্বাধীনতা ও মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে।

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির সফরকে স্বাগত জানিয়ে কিন মং বলেন, খলিলুর রহমান আগে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে কাজ করেছেন। এবার জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে তিনি রোহিঙ্গাদের দুর্ভোগ, মানবিক সংকট ও প্রত্যাবাসনের আকাঙ্ক্ষার কথা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আরও জোরালোভাবে তুলে ধরবেন বলে আশা করছি।

রোহিঙ্গাদের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রেও তাদের নিজেদের মতামত ও প্রত্যাশাকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান এই রোহিঙ্গা নেতা। তার মতে, প্রত্যাবাসন হতে হবে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ। নিজ দেশে ফিরে গিয়ে নাগরিক হিসেবে অধিকার নিয়ে বেঁচে থাকার নিশ্চয়তাই রোহিঙ্গাদের প্রধান চাওয়া।

দীর্ঘদিন ধরে কক্সবাজারের উখিয়া ও টেকনাফের বিভিন্ন আশ্রয়শিবিরে বসবাস করছেন মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গারা। নিজ দেশে ফেরার অপেক্ষায় দিন কাটলেও নিরাপত্তা ও নাগরিকত্বের নিশ্চয়তা না থাকায় প্রত্যাবাসন এখনো অনিশ্চিত। আইসিজের রায়ের পর নতুন করে আশার কথা বলছেন তারা। এখন আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর উদ্যোগে সেই প্রত্যাশা পূরণ হয় কি না, সেদিকেই তাকিয়ে রোহিঙ্গারা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মিয়ানমারকে অবশ্যই রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে হবে: পররাষ্ট্রমন্ত্রী

মিয়ানমারকে অবশ্যই রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে হবে: পররাষ্ট্রমন্ত্রী

গণহত্যার রায়ের পর দিন রোহিঙ্গা ক্যাম্পে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি

গণহত্যার রায়ের পর দিন রোহিঙ্গা ক্যাম্পে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি

আইসিজের রায়ের বিপক্ষে ভোট দিয়েছেন ৫ দেশের বিচারপতিরা

আইসিজের রায়ের বিপক্ষে ভোট দিয়েছেন ৫ দেশের বিচারপতিরা

রোহিঙ্গাদের গণহত্যার দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করল আইসিজে

রোহিঙ্গাদের গণহত্যার দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করল আইসিজে

খলিলুরের সঙ্গে যুক্তরাষ্ট্র ভারত চীনসহ ৫ দেশের দূতের বৈঠক, কী আলোচনা হলো

খলিলুরের সঙ্গে যুক্তরাষ্ট্র ভারত চীনসহ ৫ দেশের দূতের বৈঠক, কী আলোচনা হলো

আইসিজের রায় ঘিরে রোহিঙ্গাদের চোখে জল, ঘরে ফেরার আকুতি

আইসিজের রায় ঘিরে রোহিঙ্গাদের চোখে জল, ঘরে ফেরার আকুতি

আরও পড়ুন

৩৬ ঘণ্টা পর ঢাকা-খুলনা মহাসড়কে বাস চলাচল শুরু

৩৬ ঘণ্টা পর ঢাকা-খুলনা মহাসড়কে বাস চলাচল শুরু

মিয়ানমারকে অবশ্যই রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে হবে: পররাষ্ট্রমন্ত্রী

মিয়ানমারকে অবশ্যই রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে হবে: পররাষ্ট্রমন্ত্রী

শনিবার ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

শনিবার ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

‘ক্যাম্পের জীবন আর নয়, ফিরতে চাই নিজ দেশে’, খলিলুর রহমানকে রোহিঙ্গারা

‘ক্যাম্পের জীবন আর নয়, ফিরতে চাই নিজ দেশে’, খলিলুর রহমানকে রোহিঙ্গারা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম