কান-নাক কেটে বৃদ্ধার স্বর্ণালংকার ছিনতাই, ঢাকায় নেওয়ার পথে মৃত্যু
টেকেরহাট (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০৭:২৮ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
মাদারীপুরে কান ও নাক কেটে স্বর্ণালংকার ছিনতাইয়ের ঘটনায় গুরুতর আহত বেগম বিবি নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত বেগম বিবি মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের মধ্যচক এলাকার মৃত আমজাদ মোল্লার স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে নিজ বাড়ির রান্নাঘরে বসে রান্না করছিলেন বেগম বিবি। এ সময় বাড়িতে তাকে একা পেয়ে দুর্বৃত্তরা কানের দুল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তিনি বাধা দিলে পাশে থাকা মুগুর দিয়ে তার মাথায় আঘাত করা হয়। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়লে ছিনতাইকারীরা তার কান কেটে স্বর্ণের দুল এবং নাক কেটে স্বর্ণের নাকফুল ছিনিয়ে নেয়।
পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ঢাকায় নেওয়ার পথে রাতে তার মৃত্যু হয়।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, বৃদ্ধার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।
