মানিকগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি মতিউর, সম্পাদক সুজন
যুগান্তর প্রতিবেদন, মানিকগঞ্জ
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ০৯:৫৩ পিএম
সভাপতি মতিউর রহমান ও সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম সুজন। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
বাংলাদেশ সাংবাদিক সমিতি (বাসাস) মানিকগঞ্জ জেলা শাখার ত্রিবার্ষিক নির্বাচনে আগামী তিন বছরের জন্য দৈনিক যুগান্তর পত্রিকার স্টাফ রিপোর্টার মতিউর রহমান সভাপতি ও এটিএন বাংলা টেলিভিশনের জেলা প্রতিনিধি শহীদুল ইসলাম সুজন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শনিবার (২১ নভেম্বর) দুপুরে মানিকগঞ্জ জেলা পরিষদ মিলনায়তনে সমিতির ত্রিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সমিতির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। আলোচনা শেষে ভোট গ্রহণ চলে বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত। ফলাফল ঘোষণা করা হয় বিকাল সাড়ে ৫টার সময়।
প্রধান নির্বাচন কমিশনার গাজী ওয়াজেদ আলম জানান, দৈনিক যুগান্তর পত্রিকার স্টাফ রিপোর্টার মতিউর রহমান সভাপতি, একাত্তর টেলিভিশনের জেলা প্রতিনিধি মনিরুল ইসলাম মিহির ও এএসএম সাইফুল্লাহ সহ-সভাপতি এবং এটিএন বাংলা টেলিভিশনের জেলা প্রতিনিধি শহীদুল ইসলাম সুজন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
যুগ্ম সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন বাংলা নিউজের জেলা প্রতিনিধি সাজিদুর রহমান রাসেল। সহ-সম্পাদক পদে দৈনিক সংবাদের প্রতিনিধি রামপ্রসাদ সরকার দীপু ও চ্যানেল নাইনের জেলা প্রতিনিধি আরফিন আহমেদ আপেল নির্বাচিত হয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক আগামীর সময় পত্রিকার জেলা প্রতিনিধি সোহেল হোসেন, কোষাধ্যক্ষ পদে বাংলা টেলিভিশনের জেলা প্রতিনিধি রানা পারভেজ ও সমাজসেবা সম্পাদক পদে আরটিভির জেলা প্রতিনিধি আফ্রিদি আহাম্মেদ নির্বাচিত হয়েছেন।
কার্যকরী সদস্য পদে গাজী টেলিভিশন ও দৈনিক মানবজমিন পত্রিকার জেলা প্রতিনিধি রিপন আনসারী সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়েছেন। এ ছাড়া দৈনিক সমকালের সাটুরিয়া উপজেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম, দৈনিক বাংলাদেশ সময় পত্রিকার জেলা প্রতিনিধি আবুল বাসার আব্বাসী নির্বাচিত হয়েছেন।
আগামী ২০২৬-২০২৯ সেশনের জন্য এই কমিটি দায়িত্ব পালন করবে। ত্রিবার্ষিক সাধারণ সভা উদ্বোধন করেন বাংলাদেশ সাংবাদিক সমিতির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম ছারোয়ার ছানু। ত্রিবার্ষিক সাধারণ সভায় মানিকগঞ্জ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক শাহানুর ইসলামের সঞ্চালনায় এবং সভাপতি মানবেন্দ্র চক্রবর্তীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এনামুল হক বাবুল, মানিকগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির অর্থবিষয়ক সম্পাদক অতীন্দ্র চক্রবর্তী বিপ্লব, কেন্দ্রীয় কার্যকরী সদস্য ও মানিকগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস এবং কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ সম্পাদক খোরশিদুল আলম মজিব।
বাংলাদেশ সাংবাদিক সমিতি মানিকগঞ্জ জেলা শাখার নবনির্বাচিত সভাপতি মতিউর রহমান বলেন, আগামী দিনে সবাইকে সঙ্গে নিয়ে বাংলাদেশ সাংবাদিক সমিতির কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করতে চাই। সাংবাদিকদের লেখনীর মাধ্যমে মানিকগঞ্জের সাধারণ মানুষের দুঃখ-দুর্দশা, দুর্ভোগ ও ভোগান্তির পাশাপাশি জেলার উন্নয়ন, সম্ভাবনা ও সমস্যা তুলে ধরা হবে। সাংবাদিকদের পেশাগত মর্যাদা, অধিকার ও স্বার্থ রক্ষার পাশাপাশি মানিকগঞ্জের সার্বিক উন্নয়নেও সংগঠনটি ভূমিকা রাখবে।

