চাচা শ্বশুরের বল্লমের আঘাতে যুবদল নেতা নিহত
কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০৬:২২ পিএম
নিহত যুবদল নেতা সোহেল মিয়া। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
কিশোরগঞ্জের কটিয়াদীতে রাস্তা নিয়ে বিরোধের জেরে চাচা শ্বশুরের বল্লমের আঘাতে সোহেল মিয়া (৩৫) নামে এক যুবদল নেতা নিহত হয়েছেন।
শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার করগাঁও ইউনিয়নের বাটরা গাববাড়ি গ্রামে এ ঘটনাটি ঘটে।
নিহত সোহেল মিয়া করগাঁও ইউনিয়ন যুবদলের দপ্তর সম্পাদক এবং ৯নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি করগাঁও কাটুকদিয়া গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাস্তা নিয়ে সোহেল মিয়ার শ্বশুর ও তার ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে শনিবার সন্ধ্যায় মাগরিবের নামাজের পর উভয়পক্ষ তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় কালু মিয়া সোহেলকে বল্লম দিয়ে আঘাত করেন। ফলে সোহেল গুরুতর আহত হন। পরে সোহেলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কটিয়াদী থানার ওসি মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাস্তা নিয়ে বিরোধের জেরেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অপরাধীকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

-6b02db75e734b.jpg)