কৃষক দল নেতা রাজু হত্যা, নিক্সন চৌধুরীসহ ২৪৬ জনের বিরুদ্ধে মামলা
ফরিদপুর ব্যুরো
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ১০:৩০ পিএম
ভাঙ্গা থানা
|
ফলো করুন |
|
|---|---|
ফরিদপুরের ভাঙ্গায় কৃষক দল নেতা রাজু মোল্লা হত্যার ঘটনায় ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সনকে প্রধান আসামি করে ২৪৬ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
হত্যাকাণ্ডের চার দিন পর রোববার (২২ নভেম্বর) দুপুরে নিহত রাজু মোল্লার স্ত্রী রিয়া বেগম বাদী হয়ে ভাঙ্গা থানায় মামলাটি দায়ের করেন।
মামলায় ৯৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৮ নভেম্বর রাত ৯টার দিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৯ নভেম্বরের অবরোধ (লকডাউন) কর্মসূচিকে কেন্দ্র করে ভাঙ্গা উপজেলার হামিরদী এলাকায় ফরিদপুর-বরিশাল মহাসড়কে সংঘর্ষ ও সহিংসতা ছড়িয়ে পড়ে।
অভিযোগ রয়েছে, বিভিন্ন এলাকা থেকে আসা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকশ সমর্থক অগ্নিসংযোগ, বিএনপি কার্যালয়ে ভাঙচুর, ককটেল বিস্ফোরণ ও গোলাগুলিতে জড়িয়ে পড়েন এবং অস্ত্র নিয়ে মহড়া দেন।
ওই সময় বাড়ি ফেরার পথে হামলাকারীদের সামনে পড়েন ভাঙ্গা উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক রাজু মোল্লা।
অভিযোগ অনুযায়ী, তাকে ধরে নিয়ে পিটিয়ে হত্যা করা হয় এবং তার মোটরসাইকেলেও আগুন ধরিয়ে দেওয়া হয়। হত্যাকাণ্ডের পর থেকে ভাঙ্গা উপজেলায় উত্তেজনা বিরাজ করছিল।
পরদিন ১৯ নভেম্বর মহাসড়কে জানাজা শেষে উপজেলার বাকপুরা গ্রামে পারিবারিক কবরস্থানে রাজু মোল্লাকে দাফন করা হয়। জানাজায় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু অংশ নেন।
নিহত রাজু মোল্লার স্ত্রী রিয়া বেগম বলেন, আমার স্বামী হত্যার সঙ্গে জড়িত আসামিদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক বিচার দেখতে চাই।
ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল বলেন, আমাদের অভিভাবক প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে রাজুর পরিবারের দায়িত্ব আমি নিয়েছি। পাশাপাশি নেতাকর্মীদেরও রাজুর পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছি।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, মামলায় নিক্সন চৌধুরীসহ ৯৬ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে। আসামিদের গ্রেফতারে পুলিশের একাধিক দল কাজ করছে।
অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) রেজওয়ান দিপু বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলা থেকে অতিরিক্ত প্রায় অর্ধশত পুলিশ সদস্য বিভিন্ন স্থানে মোতায়েন করা হয়েছে। এছাড়া ভাঙ্গা উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) ও আনসার সদস্যরাও টহল দিচ্ছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
