বাড়ির সামনে কাফনের কাপড়ে মোড়ানো পুতুল, এলাকায় আতঙ্ক
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ১১:০৪ পিএম
বাড়ির সামনে কাফনের কাপড়ে মোড়ানো পুতুল
|
ফলো করুন |
|
|---|---|
গাজীপুরের শ্রীপুরে একটি বাড়ির প্রধান ফটকের সামনে সাদা বৃত্তের ভেতরে যোগ চিহ্নসদৃশ আঁকিবুঁকি, তার মাঝখানে কাফনের কাপড়ে মোড়ানো খড়ের পুতুল, বুকে গাঁথা বেলকাঁটা এবং পাশে গোলাপজলের বোতল ও আগরবাতি পড়ে থাকতে দেখা গেছে।
পুতুলটির শরীর ও আশপাশে লাল রং ছড়ানো থাকায় ঘটনাটি ঘিরে এলাকায় চরম আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
রোববার (২২ নভেম্বর) সকালে উপজেলার মাওনা ইউনিয়নের শিরিশগুড়ি গ্রামের মো. আলী হোসেনের (৫৫) বাড়ির সামনে এ ঘটনা ঘটে। ঘটনাটি জানাজানি হলে সকাল থেকেই আশপাশের গ্রামের উৎসুক মানুষ সেখানে ভিড় জমান।
স্থানীয় করম উদ্দিনের ছেলে আলী হোসেন জানান, চারপাশে সীমানাপ্রাচীর ঘেরা বাড়িতে তিনি ও তার স্ত্রী বসবাস করেন। রোববার ফজরের নামাজ শেষে বাড়ির প্রধান ফটক খুলতেই তিনি আটা বা ময়দা দিয়ে আঁকা বড় একটি গোলবৃত্ত দেখতে পান। বৃত্তের ভেতরে ক্রস চিহ্নের ওপর খড় দিয়ে তৈরি একটি পুতুল রাখা ছিল, যার পরনে ছিল সাদা কাফনের কাপড়।
পুতুলটির বুকে ১৫ থেকে ২০টি বেলকাঁটা গাঁথা ছিল এবং বাম হাত ও বাম পা বাঁধা অবস্থায় ছিল। এছাড়া বুকে ও চারপাশে সিঁদুরের মতো লাল রং ছড়ানো ছিল এবং পাশে গোলাপজলের বোতল, আগরবাতির প্যাকেট ও ছাই পড়ে থাকতে দেখা যায়।
আতঙ্কিত কণ্ঠে আলী হোসেন বলেন, কারা বা কেন আমার বাড়ির সামনে এমন কাজ করল, তা বুঝতে পারছি না। আমার সঙ্গে কারও কোনো শত্রুতা নেই। গ্রামবাসী এসে দেখে কেউ বলছেন এটি কুফরি বা জাদুটোনা, আবার কেউ বলছেন ভয়ভীতি দেখানোর ইঙ্গিত।
প্রতিবেশী মহসিন মোল্লা জানান, সকালে আলী হোসেন তাকে ডেকে নিয়ে ফটকের সামনের দৃশ্যটি দেখান। ওই গ্রাম ও আশপাশের এলাকায় আগে কখনো এমন ঘটনা ঘটেনি। ঘটনার পর থেকে আলী হোসেন ও তার পরিবার আতঙ্কের মধ্যে রয়েছেন।
এ বিষয়ে শ্রীপুরের বায়তুস সালাম জামে মসজিদের ইমাম ও ইসলামি বক্তা মাওলানা ইকরামুজ্জামান আব্দুল বাতেন বলেন, এ ধরনের উপকরণ সাধারণত মানুষের ক্ষতি করার উদ্দেশ্যে জাদুটোনার কাজে ব্যবহারের চেষ্টা করা হয়। ইসলামে জাদুটোনা কঠোরভাবে নিষিদ্ধ ও শিরকতুল্য অপরাধ। তবে জাদুকর চেষ্টা করলেও আল্লাহর হুকুম ছাড়া কারও কোনো ক্ষতি করার ক্ষমতা কারও নেই। তাই এ নিয়ে আতঙ্কিত না হয়ে আল্লাহর ওপর ভরসা রাখা উচিত।
