সুন্দরবনে অভিযানে ৪৩ বনদস্যু গ্রেফতার, আত্মসমর্পণ ৬৪ জনের
ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ১১:০২ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
সুন্দরবনে বনদস্যু দমনে কোস্টগার্ডের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ ৪৩ বনদস্যুকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া সাতটি সক্রিয় বনদস্যু বাহিনীর ৬৪ সদস্য অস্ত্র ও গোলাবারুদ জমা দিয়ে আত্মসমর্পণ করেছেন। এসব অভিযানে দস্যুদের কবল থেকে ৬৬ জন জেলে ও পর্যটককে জীবিত উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) বিকালে সুন্দরবনের দুবলার চরের আলোরকোলে রাস পূর্ণিমা উৎসব উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দুবলার চর এলাকার নিরাপত্তার দায়িত্বে থাকা কোস্টগার্ডের অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার জাকি আল ফাত্তাহ।
তিনি জানান, সুন্দরবন থেকে বনদস্যুদের তৎপরতা নির্মূল ও উপকূলীয় এলাকায় শান্তি বজায় রাখতে কোস্টগার্ডের নেতৃত্বে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ ও ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে দুটি বিশেষ অভিযান চলছে। অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারসহ ৪৩ বনদস্যুকে গ্রেফতার করা হয়।
এ সময় দস্যুদের কবল থেকে জিম্মি থাকা ৬৩ জন জেলে, দুজন পর্যটক ও একজন রিসোর্ট মালিকসহ মোট ৬৬ জনকে জীবিত উদ্ধার করে স্বজনদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি কোস্টগার্ড ও যৌথ বাহিনীর অব্যাহত অভিযানের চাপে সাতটি সক্রিয় বনদস্যু বাহিনীর ৬৪ সদস্য অস্ত্র ও গোলাবারুদ জমা দিয়ে আত্মসমর্পণ করেছে।
রাস পূর্ণিমা উৎসব উপলক্ষে নেওয়া নিরাপত্তাব্যবস্থার বিষয়ে কোস্টগার্ডের এ কর্মকর্তা জানান, তীর্থযাত্রী ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে কোস্টগার্ডের নৌযান, নিকটবর্তী স্টেশন ও আউটপোস্ট থেকে বিশেষ টহল দল কাজ করছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সার্বক্ষণিক টহলের পাশাপাশি জরুরি উদ্ধার তৎপরতার জন্য ডুবুরি দল প্রস্তুত রাখা হয়েছে।
বন্যপ্রাণী নিধন ও বনজ সম্পদ পাচার রোধেও বন বিভাগ এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে নজরদারি বাড়ানো হয়েছে বলে জানান তিনি। উৎসব চলাকালে যেকোনো জরুরি প্রয়োজনে দ্রুত সহায়তা পেতে পুণ্যার্থী ও দর্শনার্থীদের কোস্টগার্ডের জরুরি সেবা ১৬১১১ নম্বরে যোগাযোগের আহ্বান জানানো হয়েছে।
