দুবলার চরের উদ্দেশে ১০ সহস্রাধিক তীর্থযাত্রী
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ১০:০৯ পিএম
দুবলার চরের উদ্দেশে ১০ সহস্রাধিক তীর্থযাত্রী
|
ফলো করুন |
|
|---|---|
ঐতিহ্যবাহী রাস উৎসবে যোগ দিতে রোববার (২২ নভেম্বর) সকাল থেকে ১০ সহস্রাধিক সনাতন ধর্মাবলম্বী মানুষ সুন্দরবনের দুবলার চরের উদ্দেশে রওনা হয়েছেন।
বঙ্গোপসাগর তীরে দুবলার আলোরকোলে সোমবার (২৩ নভেম্বর) উৎসব শুরু হবে। মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোরে সাগরে পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হবে দুই দিনের এ রাস উৎসব।
সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই স্টেশন কর্মকর্তা হামিদুর রহমান জানান, রোববার দুপুর পর্যন্ত তার স্টেশন থেকে ২৯৪টি নৌযানে পাশ (অনুমতিপত্র) নিয়ে ৬ হাজার ২০৯ জন এবং ঢাংমারী স্টেশন থেকে ১১১টি নৌযানে পাশ নিয়ে ২ হাজার ৩৭১ জন তীর্থযাত্রী দুবলার চরে রওনা হয়েছেন। এছাড়া সুন্দরবন পশ্চিম বন বিভাগ থেকেও অনেক তীর্থযাত্রী দুবলার চরের উদ্দেশে যাত্রা করেছেন।
রাস উৎসব উদযাপন কমিটির সভাপতি ও দুবলা ফিশারমেন গ্রুপের সভাপতি কামাল উদ্দিন আহমেদ রোববার দুপুরে অনুষ্ঠানস্থল থেকে মোবাইল ফোনে জানান, প্রতি বছরের মতো এবারও দুবলার আলোরকোলে সনাতন ধর্মাবলম্বীদের রাস উৎসব পালনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। উৎসবের জন্য অস্থায়ী মন্দির নির্মাণ ও রাধাকৃষ্ণের প্রতিমা তৈরি করা হয়েছে। তিথি অনুযায়ী সোমবার রাতে অস্থায়ী রাধাকৃষ্ণ মন্দিরে পূজা-অর্চনা, ভজন ও কীর্তন অনুষ্ঠিত হবে।
তিনি জানান, এ উৎসবে সাতক্ষীরা, মোংলা, দাকোপ, চালনা, বটিয়াঘাটা, ডুমুরিয়া, খুলনা, পিরোজপুর, নড়াইল, ঢাকা ও বাগেরহাটসহ দেশের বিভিন্ন প্রান্তের হাজার হাজার সনাতন ধর্মাবলম্বী মানুষ সমবেত হবেন। মঙ্গলবার ভোরে পুণ্যার্থীরা সাগরের প্রথম জোয়ারে পুণ্যস্নান শেষে বাড়ির পথে রওনা হবেন।
সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) রেজাউল করিম চৌধুরী বলেন, রাস উৎসবে যাওয়ার জন্য রোববার সকাল থেকে শুধু সনাতন ধর্মাবলম্বীদের অনুমতিপত্র দেওয়া হচ্ছে। নিরাপদ যাতায়াতের জন্য প্রতি বছরের মতো এবারও বন বিভাগের পক্ষ থেকে পাঁচটি রুট নির্ধারণ করা হয়েছে। উৎসব নির্বিঘ্ন করতে বনরক্ষী, কোস্টগার্ড ও নৌবাহিনীর সদস্যরা নিয়মিত টহল দিচ্ছেন। কেউ যাতে হরিণসহ বন্যপ্রাণী শিকার করতে না পারে, সেজন্য বনরক্ষীরা সার্বক্ষণিক কঠোর নজরদারি চালাবেন।
বন বিভাগ সূত্রে জানা যায়, গত কয়েক দশক ধরে রাস উৎসবকে কেন্দ্র করে দুবলার চরের আলোরকোলে জমজমাট মেলা বসত। দেশের বিভিন্ন অঞ্চল থেকে পুণ্যার্থী, দর্শনার্থী ও ব্যবসায়ীরা সেখানে সমবেত হতেন, আসতেন বিদেশি পর্যটকরাও; কিন্তু মেলায় অতিরিক্ত মানুষের সমাগম, বর্জ্য ও শব্দদূষণ সুন্দরবনের জীববৈচিত্র্যের ওপর বিরূপ প্রভাব ফেলতে শুরু করে। পাশাপাশি পুণ্যার্থীর ছদ্মবেশে হরিণ শিকারি চক্রও সক্রিয় হয়ে ওঠে। এসব বিবেচনায় ২০২১ সাল থেকে রাস উৎসবের মেলা বন্ধ করে দেওয়া হয়। এরপর থেকে কেবল ধর্মীয় রীতিনীতি পালনের মধ্যেই উৎসবটি সীমাবদ্ধ রাখা হয়েছে।
