বাগেরহাট থেকে দূরপাল্লার বাস বন্ধ, জেলাজুড়ে বিচ্ছিন্ন সহিংসতা
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৮:০৮ পিএম
জেলাজুড়ে বিচ্ছিন্ন সহিংসতা
|
ফলো করুন |
|
|---|---|
নিরাপত্তাজনিত কারণে বাগেরহাট থেকে দূরপাল্লার সব ধরনের যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) দুপুর থেকে বাগেরহাট কেন্দ্রীয় বাসস্ট্যান্ড থেকে ঢাকা ও চট্টগ্রামগামী কোনো বাস ছেড়ে যায়নি।
তবে বাগেরহাট থেকে খুলনা, পিরোজপুর ও শরণখোলাসহ অভ্যন্তরীণ ও স্থানীয় রুটে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
এদিকে বুধবার রাতে বাগেরহাটের বিভিন্ন স্থানে একাধিক সহিংসতা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে গেছে কার্যক্রম নিষিদ্ধ বাগেরহাট জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক দুলাল আকনের বাড়ি। জেলা শহরের হাড়িখালী এলাকায় এ ঘটনা ঘটে। একই রাতে বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়েও আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
এছাড়া জেলার ফকিরহাট উপজেলায় মিল্কভিটার চেয়ারম্যান আমির হামজা শথিলের বাড়ি লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপ করা হয়েছে।
পুলিশ জানায়, রাতে মোটরসাইকেলে করে আসা দুই যুবক বাড়িটি লক্ষ্য করে পরপর তিনটি পেট্রলবোমা ছুড়ে পালিয়ে যান। একই রাতে মোরেলগঞ্জ উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় একটি মোটরসাইকেলেও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম জানান, জেলাজুড়ে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে। এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ। পাশাপাশি পুরো জেলায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।
বাগেরহাট বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম ফকির জানান, নিরাপত্তাজনিত কারণে বাগেরহাট থেকে দূরপাল্লার সব ধরনের বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে খুলনা-বাগেরহাট, বাগেরহাট-পিরোজপুর ও বাগেরহাট-শরণখোলা রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে।
