মাদারীপুরে গ্রামীণ ব্যাংকের দুই শাখায় পেট্রলবোমা নিক্ষেপ, আতঙ্ক
টেকেরহাট (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ১০:০৭ পিএম
মাদারীপুরে গ্রামীণ ব্যাংকের দুই শাখায় পেট্রলবোমা নিক্ষেপ
|
ফলো করুন |
|
|---|---|
মাদারীপুরে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় পেট্রলবোমা ও ককটেল নিক্ষেপ করে আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। শুক্র ও শনিবার রাতে মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়ন এবং শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়ন শাখায় এ ঘটনা ঘটে।
এতে শিবচর শাখার বাইরের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হলেও ব্যাংকের ভেতরে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনার পর থেকে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
গ্রামীণ ব্যাংকের মাদারীপুরের জোনাল ম্যানেজার প্রদ্যুৎ কুমার বিশ্বাস জানান, শনিবার (২১ নভেম্বর) রাত ১২টার দিকে কয়েকজন দুর্বৃত্ত সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নে অবস্থিত শাখা লক্ষ্য করে দুটি পেট্রলবোমা নিক্ষেপ করে। তবে বোমা দুটি বিস্ফোরিত না হওয়ায় আগুন ছড়ায়নি এবং কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এ সময় ব্যাংকের নৈশপ্রহরী বিষয়টি টের পেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
অন্যদিকে এর আগের দিন শুক্রবার (২০ নভেম্বর) রাত ৩টার দিকে শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নে অবস্থিত গ্রামীণ ব্যাংকের শাখায় বাইরে থেকে দুটি ককটেল ও দুটি পেট্রলবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে ব্যাংকের বাইরের অংশে আগুন ধরে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় ব্যাংকের বাইরের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হলেও ভেতরে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার পর থেকে ব্যাংকের শাখাগুলোতে অতিরিক্ত নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে বলে ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় পেট্রলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। তবে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। নাশকতা ঠেকাতে বিভিন্ন এলাকায় পুলিশি টহল বাড়ানো হয়েছে। অপরাধীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া জনগণের নিরাপত্তায় জেলা পুলিশ তৎপর রয়েছে।
