পুণ্যস্নানের মধ্য দিয়ে দুবলা চরে শেষ হলো রাস উৎসব
ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ১০:০০ এএম
ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
পূর্ব সুন্দরবনের দুবলার আলোরকোলে সাগরের প্রথম জোয়ারে পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী রাস উৎসব। এবারের রাস উৎসবে প্রায় ১০ হাজার পুণ্যার্থী অংশ নেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোরে সূর্যোদয়ের মুহূর্তে প্রথম জোয়ারের পানিতে পুণ্যস্নানের মধ্য দিয়ে উৎসবের ইতি টানেন পুণ্যার্থীরা। স্নানের মাধ্যমে হাজার হাজার হিন্দু ধর্মাবলম্বী পুণ্যার্থী তাদের মনোবাসনা পূর্ণ হওয়ার জন্য ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করেন।
এর আগে রোববার (২২ নভেম্বর) দুবলার চরের আলোরকোলের অস্থায়ী মন্দিরে প্রতিমা স্থাপন ও সোমবার (২৩ নভেম্বর) রাতে ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রায় দুই শতাব্দী পুরোনো এই রাস উৎসব শুরু হয়। এই অনুষ্ঠানকে ঘিরে সুন্দরবনে ছিল এক উৎসবের আমেজ।
মঙ্গলবার পুণ্যস্নানের আগে ভক্তকুল মন্দিরে মানত পরিশোধ করেন ও পাপমুক্ত হওয়ার জন্য স্নানকার্যাদি সম্পন্ন করেন।
এদিকে উৎসবকে ঘিরে সুন্দরবনে নেওয়া হয় কঠোর নিরাপত্তাব্যবস্থা। উৎসবে আগত তীর্থযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে বন বিভাগ, কোস্টগার্ড ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছিলেন তৎপর।
সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী বলেন, এ বছর রাস পূজায় হিন্দু ধর্মের প্রায় ১০ হাজার তীর্থযাত্রী উপস্থিত হন। মঙ্গলবার সূর্যোদয়ের সময় সাগরের প্রথম জোয়ারের নোনা জলে পুণ্যস্নানের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে এই উৎসবের।
ডিএফও রেজাউল করিম চৌধুরী আরও বলেন, খুবই শান্তিপূর্ণভাবে আমরা রাস উৎসব শেষ করেছি। হিন্দু ধর্মাবলম্বীরা তাদের মতো করে নিয়ম মেনে পূজা-অর্চনা ও পুণ্যস্নান করেছেন। স্নান শেষে লঞ্চ, ট্রলার ও নৌকায় করে পুণ্যার্থীরা নির্দিষ্ট রুট দিয়ে গন্তব্যে ফিরতে প্রস্তুতি নিচ্ছেন।
